রাজ্যকে দেওয়া ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকার হিসাব চেয়ে মামলা! তদন্তে প্রস্তুত CBI
বকেয়ার দাবিতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে। একাধিক প্রকল্পের টাকা আটকে রয়েছে বলে জানা যাচ্ছে। এই অবস্থা এই মামলা। নজিরবিহীন এবং গুরুত্বপূর্ণ বলছে রাজনৈতিকমহল।
Weat bengal vs central govt: কেন্দ্রের দেওয়া টাকা নয়ছয়ের অভিযোগ। আর সেই মতো কেন্দ্রের ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকার কোনও হিসেব নেই। ক্যাগের রিপোর্টকে হাতিয়ার করে সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। আর সেই মামলায় তদন্তে করতে সিবিআই প্রস্তুত বলে জানালেন আইনজীবী।
আজ মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। যদিও মামলার শুনানি এখনও শেষ হয়নি। ফের মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। মামলার শুনানিতে আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর সবার।

'২ লক্ষ ২৯ হাজার কোটি টাকার কোনও হিসেব নেই'
একাধিক প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের কাজের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে বারবার অভিযোগ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পালটা কেন্দ্রের দেওয়া টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা। আর এর মধ্যেই কেন্দ্রের টাকা নয়ছয়ের অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, কেন্দ্রের দেওয়া ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকার কোনও হিসেব নেই। পুর-নগরোন্নন দফতর, শিক্ষা দফতর এবং পঞ্চায়েত দফতর এই বিপুল টাকা নয়ছয় করেছে বলে অভিযোগ আবেদনকারীর। এমনকি কোথায় কোন খাতে কত টাকা খরচ হয়েছে সে বিষয়ে কোনও তথ্য নেই বলেও দাবি বিজেপি নেতার। এই বিষয়ে ক্যাগের রিপোর্টেও উল্লেখ রয়েছে বলেও দাবি তাঁর।

'মামলা দায়ের হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে'
গত কয়েকদিন আগেই এই সংক্রান্ত জনস্বার্থ মামলা দায়ের হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এর আগে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। আর সেখানে আবেদনকারী আদালতের কাছে এই বিষয়ে হস্তক্ষেপ দাবি করেন। দীর্ঘ শুনানি শেষে গত মামলাতে CAG- (কম্পট্রোলার এবং অডিট জেনারেল)-কে যুক্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। শুধু তাই নয়, রাজ্যের অর্থসচিবকেও এই মামলাতে যুক্ত করার কথা জানিয়ে ছিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।

'তদন্ত করতে প্রাথমিক ভাবে তৈরি সিবিআই'
এরপর আজ মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। আবেদনকারীর তরফে এদিন মামলার শুনানিতে বেশ কিছু নথি জমা দেওয়া হয়। পালটা সিবিআইয়ের তরফেও আইনজীবী এদিন মামলাতে অংশ নেন। সওয়াল জবাবে তিনি জানান, এই মামলার তদন্ত করতে প্রাথমিক ভাবে তৈরি সিবিআই। দীর্ঘ শুনানি শেষে যদিও আজ মঙ্গলবার কোনও নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট।












Click it and Unblock the Notifications