'পাকা খেলোয়াড়' পার্থ-কল্যাণময়-শান্তিপ্রসাদ! দুর্নীতির খেলার ডিফেন্স মোকাবিলা নিয়ে 'চিন্তায়' CBI
পার্থ চট্টোপাধ্যায়-কল্যাণময় গাঙ্গুলি-শান্তিপ্রসাদ সিনহা-এই তিনজনকেই একসঙ্গে হেফাজতে পেয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চালাচ্ছে নিয়োগ দুর্নীতির তদন্ত। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তা সিবিআই
পার্থ চট্টোপাধ্যায়-কল্যাণময় গাঙ্গুলি-শান্তিপ্রসাদ সিনহা-এই তিনজনকেই একসঙ্গে হেফাজতে পেয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চালাচ্ছে নিয়োগ দুর্নীতির তদন্ত। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তা সিবিআই-এর কাছে প্রমাণ রয়েছে বলে দাবি। দুর্নীতি পৌঁছে গিয়েছিল সর্বোচ্চ পর্যায়ে। কিন্তু এই তিনজনের ডিফেন্স এতটাই শক্ত যে তা এখনও ভেদ করে উঠতে পারেননি সিবিআই আধিকারিকরা। এমনটাই খবর সূত্রে।

শনিবার থেকে একাধিকবার জেরা
শনিবার থেকে পার্থ চট্টোপাধ্যায়-কল্যাণময় গাঙ্গুলি-শান্তিপ্রসাদ সিনহাকে একাধিকবার জেরা করেছেন সিবিআই আধিকারিকরা। কখনও তাঁদেরকে মুখোমুখী বসিয়ে আবার কখনও আলাদা করে। কখনও একই প্রশ্নমালা সামনে রেখে আবার কখনও ভিন্ন পদ্ধতিতে জেরা করা হয় তাঁদের, এমনটাই খবর সূত্রের। এর মধ্যে রবিবার দুপুরের দিকে তিনজনের স্বাস্থ্য পরীক্ষার কাজ হয় নিজাম প্যালেসেই। তিনজনই আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।

তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা
পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী। তারই কার্যকালের সময়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি এবং এসএসসির উপদেষ্টা ছিলেন এসপি সিনহা। সিবিআই যখন এসএসসির নিয়োগ দুর্নীতিতে তাঁদের মধ্যে যোগসূত্র খুঁজতে ব্যস্ত, সেই সময় তিনজনই এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি করছেন বলে সিবিআই সূত্রে খবর। এখানেই শেষ নয়, তাঁরা তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও খবর সিবিআই সূত্রে।

ভাগ্য এক সূত্রে জড়িয়ে
তিনজনের লিখিত বয়ান মিলিয়ে দেখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা। কিন্তু সিবিআই আধিকারিকরা এখনও এই তিনজনের ডিফেন্স ভেদ করে উঠতে পারেননি বলেই জানা গিয়েছে। এই তিনজনই দুর্নীতির দায় স্বীকারের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সুকৌশলে। প্রশ্নের উত্তরে তাঁরা বলছেন তাঁরা কিছু জানেন না। কিংবা কারও যুক্ত থাকার কথা বললে, অপরজন বলছেন, তিনি কী করতে পারেন। প্রত্যেকটা পা তাঁরা ফেলেছেন অতি সাবধানে। সিবিআই-এর আধিকারিকরা বলছেন, আসলে তিনজনই বুদ্ধিমান। বহুদিন সরকারি কাজ করেছেন, একসঙ্গে। ফলে বোঝাপড়া রয়েছে আগে থেকেই। তাঁরা জানেন, একজনের সঙ্গে অপরের ভাগ্য জড়িয়ে রয়েছে।

মিডলম্যানদের ধরা হলেও তিনজনের আলাদা অবস্থান
এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার মোবাইলের সূত্র ধরে প্রদীপ সিনহা এবং প্রসন্ন রায় নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি এদের মধ্যে প্রসন্ন রায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্ক রয়েছে। তবে সিবিআই জেরায় পার্থ চট্টোপাধ্যায় বলছেন, তাঁকে অন্ধকারে রেখে আমলারা কাজ করে থাকতে পারেন। কল্যাণময় গাঙ্গুলি বলছেন, তিনি তো নিজে সই করেননি, বেআইনিভাবে তাঁর ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। অন্যদিকে শান্তিপ্রসাদ সিনহা বলছেন, তিনি যা করেছেন উচু মহলের নির্দেশ অনুযায়ী। এখনও এই উঁচু মহলের খোঁজেই তিন খেলোয়াড়ের মজবুত ডিফেন্স ভাঙতে চায় সিবিআই।












Click it and Unblock the Notifications