তৃণমূলের দুই সাংসদকে মুখোমুখি বসিয়ে জেরা, উঠে এল প্রভাবশালী-সহ সংস্থার নামও
শুধু তৃণমূলই নয়, এই চিটফান্ড দুর্নীতিতে যে অন্য দলের যোগও রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত সিবিআই। এক সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা ইতিমধ্যেই সিবিআই নজরে রয়েছেন।
কলকাতা, ৫ জানুয়ারি : তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নেওয়ার পর তাপস পালের সঙ্গে মুখোমুখি বসিয়ে দফায় দফায় জেরা করছে সিবিআই। বুধবার রাতে হেফাজতে নেওয়ার পরই এক দফা জেরা করা হয়। বৃহস্পতিবারও দফায় দফায় জেরা করা হচ্ছে তৃণমূলের দুই সাংসদকে মুখোমুখি বসিয়ে। মূলত রোজভ্যালিকাণ্ডে আর কোন প্রভাবশালী জড়িয়ে রয়েছেন, তাঁদের সম্পর্কে নিশ্চিত হতেই এই জেরা চলছে।
তাপস ও সুদীপকে জেরা করে ইতিমধ্যেই অনেক প্রভাবশালী নেতা-নেত্রীর রোজভ্যালি-যোগ সম্বন্ধে জানতে পেরেছেন সিবিআই আধিকারিকরা। শুধু তৃণমূলই নয়, এই চিটফান্ড দুর্নীতিতে যে অন্য দলের যোগও রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত সিবিআই।

এক সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা ইতিমধ্যেই সিবিআই নজরে রয়েছেন। সেইসঙ্গে তৃণমূলের অভিনেত্রী সাংসদ ও অন্য এক অভিনেত্রীর নামও জোরালো হয়েছে রোজভ্যালি দুর্নীতিতে।
শুধু প্রভাবশালীদের নাম নিয়েও তাদের জেরা করা হয়নি, সিবিআই দাবি করেছে, সুদীপের কথায় উঠে এসেছে কয়েকটি সংস্থায় রোজভ্যালির টাকা বিনিয়োগের প্রসঙ্গও। রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ড বেশ কয়েকটি সংস্থায় লগ্নি করেন। সেই সংস্থাগুলিকে নজরে রাখছে সিবিআই। প্রয়োজনে সেই সংস্থার আধিকারিকদেরও তলব করা হতে পারে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে।












Click it and Unblock the Notifications