টালা থানার প্রাক্তন ওসির ফোনেই তাহলে লুকিয়ে...আরজি কর মামলায় বিস্ফোরক মোড়! সব সামনে এবার আসবে
RGKar Rape and Murder Case: আরজি কর মামলার তদন্ত কোন পর্যায়ে! শিয়ালদহ আদালতে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিল সিবিআই। ধর্ষণ এবং খুনের মামলায় দ্রুত অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হবে বলেও এদিন আদালতে জানানো হয়েছে। তবে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের ফোনের সিম কার্ড ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না বলেও এদিন আদালতে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তদন্তকারীদের কথায়, আরজি কর মামলায় ওই সিম কার্ড খুবই গুরুত্বপূর্ণ। ফলে এখনই ফেরত তা দেওয়া যাবে না। আরজি করে নির্যাতিতা তরুনীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় চূড়ান্ত রায় ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। কিন্তু মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তোলে অভয়ার পরিবার (RGKar Rape and Murder Case) ।

সিবিআই তদন্তে যে মোটেই তাঁরা খুশি নয় সে বিষয়ে আদালতকেও জানানো হয়। এই মামলায় যে চার্জশিট প্রথমে সিবিআই জমা দেয় তাতে শুধুমাত্র নাম ছিল সঞ্জয় রায়ের। আর সেই চার্জশিটের ভিত্তিতেই তাঁর সাজা ঘোষণা করে শিয়ালদহ আদালত।কিন্তু সেই চার্জশিট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল নির্যাতিতার পরিবার। কেন আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে সন্দীপ ঘোষ কিংবা টাল থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম থাকল না তা নিয়ে প্রশ্ন ওঠে।
দুই 'প্রভাবশালী'কে সিবিআই আড়াল করতে চাইছে বলেও অভিযোগ সামনে আসে। এমনকী তদন্তে গাফিলতি রয়েছে বলেও অভিযোগ ওঠে। ফলে এই মামলায় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ দুজনেই জামিন পেয়ে যান। বর্তমানে দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়াতে জেলে আছেন প্রাক্তন অধ্যক্ষ।
এই অবস্থায় অভয়ার পরিবার সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়। সিবিআই তদন্ত নিয়ে আবারও প্রশ্ন তোলে। এমনকী তদন্তের বিষয়ে কিছুই জানানো হয়নি বলে দাবি করা হয়। আজ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে মামলার তদন্তের অগ্রগতি কি আছে সে বিষয়ে তথ্য দেওয়া হয়। জমা দেওয়া হয় একটি রিপোর্ট। আইনজীবী মারফত সিবিআই আদালতকে জানায়, প্রমাণ লোপাট করা হয়েছিল কিনা তদন্ত করে দেখা হচ্ছে। খুব শীঘ্রই অতিরিক্ত হলফনামা জমা দেওয়া হবে। সেখানেই সমস্ত কিছু উল্লেখ থাকবে।
অন্যদিকে টাল থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তাঁর ফোনের সিম ফেরত চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন। সেই প্রসঙ্গে তদন্তকারীরা জানান, ওই সিম কার্ড তদন্তের জন্য গুরুত্বপূর্ণ। তাই আপাতত তা ফেরত দেওয়া যাবে না। এই মামলার রহস্যভেদে কার্যত 'সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ' বলেও আইনজীবী মারফত আদালতকে জানিয়েছে সিবিআই। ফলে এই মামলা (RGKar Rape and Murder Case) এখন কোনদিকে মোড় নেয় সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications