টালা থানাতেই তথ্য প্রমাণে গরমিল! 'প্রমাণ' লুকিয়ে সিসিটিভিতেই? চাঞ্চল্যকর দাবি সিবিআই'য়ের
RG Kar Rape-Murder Case: টালা থানার মধ্যেই তথ্য প্রমাণে গরমিল করা হয়েছে! আরজি কর কাণ্ডে ধর্ষণ এবং খুনের মামলায় চাঞ্চল্যকর দাবি সিবিআই'য়ের। আজ বুধবার এই মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে পেশ করা হয়।
ধর্ষণ এবং খুনের মামলায় (RG Kar Rape-Murder Case) দুজনকে হাজির করানো হয়। আর সেই মামলার শুনানিতেই এদিন একের পর এক চাঞ্চল্যকর দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই'য়ের দাবি, টালা থানার মধ্যেই বেশ কিছু তথ্য প্রমাণে গরমিল করা হয়েছে।

বেশ কিছু ভুয়ো তথ্য যোগ করা হয়েছিল, কিংবা মুছে দেওয়া হতে পারে বলে আশঙ্কা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (RG Kar Rape-Murder Case)। এক্ষেত্রে যদিও সিসিটিভি ফুটেজ খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে সংশ্লিষ্ট থানার সিসিটিভি ফুটেজ সেন্ট্রাল ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে। আর সেই সংক্রান্ত রিপোর্ট আগামী কয়েকদিনের মধ্যে চলে আসবে। আর তা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে দাবি সিবিআই'য়ের।
এরপরেই ফের একবার সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে নিজেদের হেফাজতে নেওয়া হবে বলেও সওয়াল সিবিআই'য়ের আইনজীবীর। এক্ষেত্রে আরও দাবি, ঘটনার দিন থানায় কে কে ঢুকেছিল। কি ঘটেছিল সবটাই খতিয়ে দেখার কথাও এদিন তুলে ধরা হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি ডিজিটাল প্রমাণ পাওয়া গিয়েছে। তা খতিয়ে দেখার কাজ চলছে। তার ভিত্তিতেও ফের একবার সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি'কে জেরা করা হবে বলেও জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা ও এফআইআর দেরিতে রুজু করার অভিযোগ আছে সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে দু'জনেরই নারকো এবং পলিগ্রাফ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিআই।
এই সংক্রান্ত বিষয়ে আদালতের কাছে আবেদনও জানানো হয়েছে। আজ বুধবার এই বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির কলকাতা অফিসের বিশেষজ্ঞ ভিন রাজ্যে একটি মামলা সংক্রান্ত কাজে গিয়েছেন। তাই আজ শিয়ালদহ আদালতে এইসংক্রান্ত মামলার শুনানি হয়নি। ফলে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের নারকো এবং পলিগ্রাফ পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত ঝুলে রইল একপ্রকার। এমনটাই মত রাজনৈতিকমহলের।
তবে দীর্ঘ শুনানি শেষে এদিন আদালত দুজনেরই জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।












Click it and Unblock the Notifications