CBI Chargesheet on RG Kar case: সিভিক সঞ্জয়ই ধর্ষক! সময় ধরে ধরে চার্জশিটে হাড়হিম তথ্য জানাল সিবিআই
CBI Chargesheet on RG Kar case: আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনকাণ্ডে (RG Kar case) সোমবারই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে (Sanjay Roy) চার্জশিটে মূল অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে। ঠিক কী ঘটেছিল ৯ অগাস্টের রাতে? সঞ্জয় রাতের গতিবিধি সহ সময় ধরে ধরে বিস্তারিত ঘটনাপ্রবাহ উল্লেখ করল সিবিআই (CBI)।
আরজি করের সেমিনার হল (Seminar Hall) থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। ঘটনার পরের দিন ১০ অগাস্ট সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata Police)। পরে আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। তার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ তদন্তকারী সংস্থার।

হাসপাতাল ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV footage) খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই চার্জশিটে সঞ্জয় রায়ের গতিবিধির পুঙ্খানুপুঙ্খ উল্লেখ করেন তারা। কল রেকর্ড (Call Record) যাচাই করেও মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ঠিক কী ঘটেছিল ৯ অগাস্ট ভোরে?
- ভোর ৩টে ৪২ মিনিট: আরজি করের মেইন গেটের সামনে বাইক রেখে ভেতরে ঢুকতে দেখা যায় সঞ্জয়কে।
- ভোর ৩টে ৪৮ মিনিট: আরজি করের জরুরি বিভাগের ব়্য়াম্প ধরে ভেতরে ঢোকে সঞ্জয় রায়।
- ভোর ৪টে ৩ মিনিট: তিনতলার অপরাধস্থলের (Scene of Crime) কাছে করিডোরে দেখা যায় সঞ্জয়কে।
- ভোর ৪টে ৩২ মিনিট: প্রায় আধ ঘণ্টা পর চেস্ট বিভাগ থেকে বের হতে দেখা যায় সঞ্জয়কে।
- ভোর ৪টে ৩৭ মিনিট: বাইকে করে আরজি কর হাসপাতাল থেকে বেরিয়ে যায় সঞ্জয় রায়।
সিবিআইয়ের আরও দাবি, ঘটনার রাতে চার সতীর্থের সঙ্গে সেমিনার হলেই ছিলেন মৃত চিকিৎসক। অনলাইনে খাবারও অর্ডার করেছিলেন তাঁরা। রাত ৩টে নাগাদ শেষবার তরুণী চিকিৎসককে দেখতে পান বলে জানান তাঁরই এক সহকর্মী। এদিকে ভোর ৪টের পরই চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে উল্লেখ রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে।
আরজি করে খুন-ধর্ষণে (RG kar murder case) সঞ্জয়ের জড়িত থাকার প্রমাণ মিলেছে। উদ্ধার হয়েছে সঞ্জয়ের রক্তমাখা জামাকাপড়-হেলমেটও। সংগ্রহ করা নখ, চুলের নমুনা যে সঞ্জয়েরই তা ফরেনসিক পরীক্ষার রিপোর্টে প্রমাণ হয়েছে বলে দাবি সিবিআইয়ের। নির্যাতিতার গলায় হাতের ছাপ মিলেছে সঞ্জয়ের। ধর্ষণের সময় একাধিক আঘাতের জেরেই চিকিৎসক তরুণীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিবিআই।
বিশেষ আদালতে চার্জশিট পেশ করে সিবিআইয়ের দাবি, সেমিনার রুমে বিশ্রাম করার সময় ওই চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার চালায় সঞ্জয়। যদিও চার্জশিটে গণধর্ষণের উল্লেখ করেনি তদন্তকারী সংস্থা। গোটা অপরাধ সঞ্জয়ের একারই বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির।
তবে ষড়যন্ত্রের তত্ত্বও (RG Kar murder conspiracy) উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় গোয়েন্দারা। সঞ্জয়ের সঙ্গে কাদের কাদের ফোনালাপ তা খুঁটিয়ে পরীক্ষা করছে সিবিআই। চিকিৎসককে ধর্ষণ ও খুনের পিছনে বড় ষড়যন্ত্র লুকিয়ে থাকার অনুমান তদন্তকারীদের।












Click it and Unblock the Notifications