অধ্যক্ষের বিরুদ্ধে মামলা! সেই ছাত্রেরই এক লক্ষ টাকা জরিমানা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের সেই ছাত্রের জরিমানা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি। শুধু তাই নয়, চারু মার্কেট থানায় ওই ছাত্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশও দিয়েছেন। এই মামলা নতুন করে গতি নিল বিচারপতির নির্দেশে। এমনই মত ওয়াকিবহাল মহলের৷
যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষার বিরুদ্ধে মামলা করেছিলেন দানিশ ফারুক নামে এক ছাত্র। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওই মামলা উঠেছিল৷ অধ্যক্ষা সুনন্দা ভট্টাচার্য গোয়েনকাকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এরপর ডিভিশন বেঞ্চে ওই অধ্যক্ষা আবেদন করেন।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অধ্যক্ষা সুনন্দা ভট্টাচার্য গোয়েনকাকে পদ থেকে সরানো ও সহকারী অধ্যাপক অচিনা কুণ্ডুর চাকরি বাতিলের আদেশ দিয়েছিলেন। ডিভিশন বেঞ্চ দুজনকেই কাজে ফেরার নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওই মামলা উঠেছিল। ডিভিশন বেঞ্চ আগেই দানিশ ফারুক নামে ওই ছাত্র সম্পর্কে প্রশ্ন করেছিল। একজন ছাত্র কীভাবে অধ্যক্ষার বিরুদ্ধে মামলা করতে পারে? মামলা খারিজের কথাও বলা হয়।
এদিকে দানিশের বিরুদ্ধে কলেজে অনুষ্ঠানের নামে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, দানিশ কলেজের অনুষ্ঠানের নাম করে ২ লক্ষ ২০ হাজার টাকা তুলেছিলেন। যা সম্পূর্ণ বেআইনি। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গ উত্থাপন করেন।
দানিশকে প্রশ্ন করেছিলেন বিচারপতি৷ দানিশ সেই অভিযোগ মেনে নিয়েছেন। বিচারপতি একাধিক প্রশ্ন করেন ওই ছাত্রকে। এই কাজ করার পরেও কীভাবে দানিশ আদালতে আসতে পারেন? প্রশ্ন করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যাদের অপরাধপ্রবণ মানসিকতা আছে, তাদের এই আদালতে আসার প্রয়োজন নেই৷ একথাও জানান বিচারপতি।
এরপরেই আরও বিপাকে পড়েন ওই ছাত্র। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই ছাত্রের জরিমানা করেছেন। তার এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, দানিশের বিরুদ্ধে পুলিশি তদন্তও হবে। চারু মার্কেট থানার পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অধ্যক্ষার বিরুদ্ধে মামলা করেছিলেন ওই ছাত্র। সেই মামলাও খারিজ করে দিয়েছেন বিচারপতি।












Click it and Unblock the Notifications