আরজি করের নির্যাতিতার বাবা 'নবান্ন চলো'র ডাক দিন, আবেদন শুভেন্দু অধিকারীর
আরজি করের নির্যাতিতার বাবা নবান্ন অভিযানের ডাক দিক। জাতীয় পতাকা নিয়ে 'নবান্ন চলো'র ডাক দিন তিনি। তারপর যা করার করে নেওয়া হবে। এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার সকালেই কলকাতা বিমানবন্দরে শুভেন্দু অধিকারী পৌঁছে যান। সেখানেই কয়েক মিনিটের জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি৷ রাজ্যের নারী নির্যাতন ও নারী সুরক্ষা, আরজি কর কাণ্ড ও নবান্নের ভূমিকা নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি৷

নির্যাতিতার বাবা- মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানতে পারছেন না। ১০ লক্ষ টাকা দেওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রী বেহালার মঞ্চ থেকে বলেছিলেন। নির্যাতিতার বাবা সেই বক্তব্য মেনে নিতে পারেননি। এছাড়াও তিনি নিজেও কলকাতা পুলিশ ও নবান্নের ভূমিকা সম্পর্কে সন্দিহান।
এই অবস্থায় শুভেন্দু অধিকারী ৭১ বছরের প্রৌঢ়ের কাছে একটি বার্তা ছুঁড়ে দিলেন৷ নির্যাতিতার বাবা 'নবান্ন চলো'র ডাক দিক। কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। জাতীয় পতাকা হাতে তিনি নবান্ন যাওয়ার কল করবেন। বাকিটা বুঝে নেওয়া হবে। এই কথা বললেন খোদ শুভেন্দু।
তিনি বলেন, " ওনার বাবাকে আসতে হবে না। বয়স্ক মানুষ, শোকাতুর হৃদয় নিয়ে আছেন। আমরা বাকিটা যা করার করে নেব, জাতীয় পতাকা নিয়ে৷ আমাদের রাজনৈতিক সীমাবদ্ধতা আছে। সামগ্রিকভাবে রাজনৈতিক দল হিসেবে মত প্রকাশ করছি না। রাজনৈতিক দলগুলোর কিছু বাধ্যবাধকতা আছে৷"
শুভেন্দু আরও বলেন, " ওনার বাবা একটা কল দিক। মুখ্যমন্ত্রী যদি ২৪ বা ২৫ তারিখের মধ্যে পদত্যাগ না করেন, তাহলে আপনারা নবান্ন চলুন জাতীয় পতাকা হাতে নিয়ে। বাকিটা আমরা করে দেব। আর কাউকে কিছু করতে হবে না।"
" মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ। প্রথমত, তিনি খেলা পরিচালনা করতে পারেন না। দ্বিতীয় এটা রাজ্যের লজ্জা। খেলাটা চলে গেল ঝাড়খণ্ডে। আর তৃতীয়ত যদি না পারবেন, অমিত শাহজিকে চিঠি লিখতে পারতেন। এরাজ্যে পঞ্চায়েত ভোট হয় প্যারা মিলিটারি ফোর্স দিয়ে। এখনও পশ্চিমবঙ্গে কয়েক কোম্পানি বাহিনী আছে ভোট পরবর্তী হিংসাকে রোখার জন্য।" কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications