কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফর্মে স্ত্রী পুরুষের পাশাপাশি এবার থাকবে তৃতীয় লিঙ্গের বিকল্পও
এবার তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য নতুন ভাবনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের। গত শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলনে জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্ববদ্যালয়ের ভর্তির ফর্মে লিঙ্গ নির্বাচনের ক্ষেত্রে স্ত্রী পুরুষের পাশাপাশি থাকবে তৃতীয় লিঙ্গের উল্লেখও।

আগামীতে ছাত্র-ছাত্রীরা নির্দ্বিধায় ওই বিকল্প বেছে নিতে পারবেন বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির সঙ্গে পরামর্শের পরেই এই সিধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। ইউজিসির একটি বিবৃতি থেকে জানা যায়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকে ইউজিসির বিভিন্ন স্কলারশিপেরও সু্যোগ পাবেন তৃতীয় লিঙ্গের ছাত্র-ছাত্রীরা।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন," আজকের দিনে দাঁড়িয়ে লিঙ্গের ভিত্তিতে উচ্চশিক্ষায় কোনও বিভেদ থাকা বাঞ্ছনীয় নয়।" আগামী শিক্ষাবর্ষ থেকে পুরুষ মহিলার পাশাপাশি তৃতীয় লিঙ্গের ঘরেও শিক্ষার্থীরা টিক দিতে পারবেন বলে জানান তিনি। কিছুদিন আগেই কলকাতার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধর্ম বাছাইয়ের ক্ষেত্রে মানবতা বা হিউম্যানিজম অপশনটি যুক্ত করতে দেখা যায়। লিঙ্গ সাম্যতার প্রশ্নে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদদের অনেকেই। পাশাপাশি মিশ্র প্রতিক্রিয়া মিলেছে সমাজের বিভিন্ন মহল থেকে।












Click it and Unblock the Notifications