মদ্যপ রোগীর মহিলা ইনটার্ন চিকিৎসককে হেনস্থা! এবার শিরোনামে কলকাতা মেডিক্যাল কলেজ
ফের সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসক নিগ্রহের ঘটনা সামনে এল। অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে একজন মদ্যপ ব্যক্তি কর্তব্যরত এক মহিলা ইনটার্ন চিকিৎসককে হেনস্থা করেছেন। এই ঘটনার পর হাসপাতালে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত।
আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার পর চিকিৎসকদের সুরক্ষা জোরদারের দাবিতে দীর্ঘদিন আন্দোলন দেখেছে এরাজ্য। তারপরও যে পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি তাতে জেলায় বেসরকারি কলেজে পড়ুয়া নিগ্রহের ঘটনায় প্রমাণিত। এবার ফের কলকাতার হাসপাতালে হেনস্থার ঘটনা প্রকাশ্যে এসেছে।

দিন কয়েক আগে কলকাতার এসএসকেএম হাসপাতালে এক নাবালিকাকে পুরুষ শৌচাগারে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক বহিরাগত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী একটি জরুরি বৈঠকও ডাকেন।
গত শনিবারের ওই বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে সরকারি হাসপাতালের অধ্যক্ষ, সুপার, কলকাতা পুলিশের কমিশনার এবং সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন তোলেন এবং একাধিক নির্দেশ দেন।
তিনি আশঙ্কা প্রকাশ করেন যে তাঁর দফতরের অধীনেই এমন ঘটনা ঘটছে। যার দায় বিরোধীরা তাঁর উপর চাপাচ্ছেন। শনিবারের বৈঠকের পর দিন কয়েকের মধ্যেই ফের হাসপাতালে নারী হেনস্থার ঘটনা ঘটল।
হাসপাতাল সূত্রে খবর, জরুরি বিভাগে কর্মরত ওই চিকিৎসককে একজন মদ্যপ ব্যক্তি খারাপ মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি করেন। এরপর ওই ডাক্তারি পড়ুয়া কাঁদতে কাঁদতে বেরিয়ে যান। অভিযোগ, পুলিশের কাছে সাহায্য চেয়েও তিনি তা পাননি। ঘটনার পর মেডিক্যাল কলেজের অন্যান্য পড়ুয়ারা অধ্যক্ষকে ঘেরাও করেন এবং পুলিশ ডাকা হয়। ঘটনার পরে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।












Click it and Unblock the Notifications