মিলল হাইকোর্টের অনুমতি! ২৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা করাতে পারবেন গর্ভপাত
হাইকোর্ট থেকে গর্ভপাতের অনুমতি পেলেন বেলেঘাটার ২৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
হাইকোর্ট থেকে গর্ভপাতের অনুমতি পেলেন বেলেঘাটার ২৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা। নিজের পছন্দ মতো বেসরকারি হাসপাতাল থেকে তিনি গর্ভপাত করাতে পারবেন। সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ভ্রূণের শারীরিক ত্রুটির কথা জানিয়ে হাইকোর্টে গর্ভপাতের অনুমতি চেয়েছিলেন ওই অন্তঃসত্ত্বা।

সূত্রের খবর অনুযায়ী, প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের কাছে গর্ভপাতের আবেদন করেছিলেন ২৫ সপ্তাহের ওই অন্তঃসত্ত্বা। জানানো হয়েছিল ভ্রূণের গঠন ঠিক নেই। গর্ভস্থ সন্তান ভুগছে ডাউন সিন্ড্রোমে। আরও জানানো হয়েছিল শিশুটি জন্মগ্রহণ করলেও তার বাঁচার সম্ভাবনা মাত্র ৮ বছর। এছাড়াও শিশুটির চিকিৎসার খবরও বেশি হবে। মায়ের জীবনহানির সম্ভাবনার কথাও জানানো হয়েছিল। সবদিক বিবেচনা করে চিকিৎসকরা গর্ভপাতের পরামর্শ দিয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে সেই সময় বধূ ২১ সপ্তাহের বেশি অন্তঃসত্ত্বা। ফলে আইন অনুযায়ী সময় পার হয়ে গিয়েছে। প্রথমে এনআরএস এবং পরে এসএসকেএম-এ করা আবেদন খারিজ হয়ে যায়। এরপর বেলেঘাটার ওই অন্তঃসত্ত্বা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে আবেদন করেন। সেই আবেদন খারিজ হওয়ার পর তিনি ডিভিশন বেঞ্চে আবেদন করেন। সোমবার এই মামলার রায় দেন বিচারপতি দ্বয়।
মামলার বয়ান থেকে জানা গিয়েছে, ২০ বছর আগে বিয়ে হয়েছিল ওই বধূর। বেলেঘাটায় ১৪ বছরের এক মেয়েকে নিয়ে দম্পতির বাস। বর্তমান পরিস্থিতিতে কোনও সরকারি হাসপাতাল গর্ভপাতে রাজি না হওয়ায়, পছন্দের বেসরকারি হাসপাতালে গর্ভপাতের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।












Click it and Unblock the Notifications