Golf Green Case: এটা তদন্ত হচ্ছে! কলকাতা পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের, ঠিক কী হয়েছিল গল্ফগ্রিনে?
Golf Green Case: গল্ফগ্রিনকাণ্ডে তদন্তে বড়সড় ফাঁক দেখে আগেই অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। আর এবার সরাসরি কলকাতা পুলিশকে ভর্ৎসনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সরাসরি হস্তক্ষেপ করে আদালত জানাল, তদন্তে ত্রুটির জন্য অভিযুক্ত ছাড়া পর্যন্ত পেয়ে যেতে পারে। কলকাতা পুলিশের কাছ থেকে এটা অপ্রত্যাশিত!এটা তদন্ত হচ্ছে? প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
প্রসঙ্গত, গল্ফগ্রিন এলাকায় বাড়ির সামনে পোষ্য কুকুর নিয়ে ঘোরার সময় অভিনব সাহা নামে এক ব্যক্তির সঙ্গে স্থানীয় কিছু যুবকের কথা কাটাকাটি হয়। পরে বচসা থেকে তা হাতাহাতিতে গড়ায়। যুবকের মা আটকাতে গেলে তাকে শারীরিক নিগ্রহ হতে হয়। গুরুতর আহত হন অভিনব। প্রথমে তাঁকে পরিবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।

অবস্থা সংকটজনক হলে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। অভিনব প্যারালাইজ়ড হয়ে যান। পুলিশ প্রথম হাসপাতাল থেকে চিকিৎসার নথি সংগ্রহ করলেও দ্বিতীয় হাসপাতালের কোনও নথি সংগ্রহ করেনি। ফলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করলেও নিম্ন আদালত তাদের জামিন দেয়।
গত ১২ ফেব্রুয়ারি তদন্তকারী আধিকারিকের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি ঘোষ। এইসব অফিসারদের কলকাতা পুলিশে থাকার যোগ্যতা নেই বলে উল্লেখ করেন বিচারপতি। শুক্রবার বিচারপতি ঘোষ বলেন, কলকাতার পুলিশ কমিশনারের সরাসরি আওতাধীন এলাকায় এটা তদন্ত হচ্ছে?
তাঁর আরও প্রশ্ন, তদন্তে গ্রেফতারিই কি সব? অভিযোগ প্রমাণ করতে হবে না? প্রশ্ন বিচারপতির। মারধরের কারণে পক্ষাঘাতগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। সেই মামলায় কোনও চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করলেন না? চিকিৎসা সংক্রান্ত নথি নিয়ে মতামত কে দেবে? এটা তদন্ত? বিচারপতির প্রশ্নবাণে বিদ্ধ পুলিশ।
পরিস্থিতি খুবই দুঃখজনক, খারাপ অবস্থা বলে মন্তব্য বিচারপতি ঘোষের। গল্ফগ্রিনকাণ্ডে তদন্ত প্রক্রিয়ায় অনাস্থা প্রকাশ করে উপযুক্ত তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয় পরিবার। গত শুনানির দিন তদন্তকারী আধিকারিককে কেস ডায়রি নিয়ে উপস্থিত থাকার নির্দেশ দেয় আদালত। বিচারপতি বলেন, কেস ডায়েরির সঙ্গে রিপোর্টের সঙ্গে কোনও সম্পর্ক নেই। এটা কলকাতা পুলিশের থেকে আশা করা যায় না।












Click it and Unblock the Notifications