নাম রয়েছে পার্থ সহ একাধিক তৃণমূলনেতার! জিটিএ নিয়োগে দুর্নীতি মামলা ছাড়লেন বিচারপতি বসু, কারণ অবাক করবে
GTA Recruitment Scam: জিটিএ নিয়োগে দুর্নীতি মামলা থেকে অব্যাহতি নিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু। বুধবার মামলা থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে রাজ্যের ভূমিকাকে তুলে ধরেছেন তিনি। এই ইস্যুতে রাজ্যের ভূমিকায় হতাশ বিচারপতি। তাই কার্যত বিরক্তি প্রকাশ করে মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি বসু। আইনজীবীদের কথায়, রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে মামলা থেকে বিচারপতির সরে যাওয়া নজিরবিহীন।
আজ বুধবার এই সংক্রকান্ত (GTA Recruitment Scam) মামলার শুনানি ছিল। শুনানিতে এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন। বলেন, এই মামলা শোনার এক্তিয়ার এই আদালতের নেই। এই মামলার শোনার এক্তিয়ার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের।

এর পাল্টা আবেদনকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, আদালতকে বিভ্রান্ত করা হচ্ছে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হয় বিচারপতি বসুর এজলাসেই। পরবর্তীকালে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলা বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে উঠলে তিনি রেজিস্ট্রার মারফৎ সমস্ত মামলার শুনানি পাঠিয়ে দেন মূল বেঞ্চ অর্থাৎ বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। তাই এই মামলা শোনার এক্তিয়ার এই এজলাসের রয়েছে।
তবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যে প্রশ্ন তুলেছেন তাতেই কার্যত ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি স্পষ্ট জানান, যেহেতু অ্যাডভোকেট জেনারেল তাঁর এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন তাই এই মামলা থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন। পাশাপাশি, রাজ্যের উদ্দেশ্য নিয়েও একাধিক প্রশ্ন তোলেন তিনি। দুর্নীতি মামলার তদন্ত নিয়ে অভিযোগ দায়েরের পর কেন অভিযুক্তদের ৪১/এ ধারার নোটিস দিয়ে ডাকা হল না, পুরো ঘটনার ক্ষেত্রে অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এই ধরনের প্রশ্ন উঠেছে।
পাশাপাশি, বিচারপতির প্রশ্ন, অভিযুক্তদের বিরুদ্ধে এতদিনে কী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে? এই দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, বিনয় তামাংয়ের। তাঁদেরকে নোটিস পাঠানো হয়নি কেন, সে প্রশ্নেরও উত্তর মেলেনি। বলে রাখা প্রয়োজন, দীর্ঘ সময় ধরে জিটিএ দুর্নীতি মামলার শুনানি চলছে।
কখনও সুপ্রিম কোর্ট আবার কখনও কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত (GTA Recruitment Scam) মামলার শুনানি হয়। জিটিএ নিয়োগ সংক্রান্ত মামলা বিচারপতি বিশ্বজিৎ বসু সরে যাওয়ায় মামলা প্রধান বিচারপতির এজলাসে ফিরে যাবে বলেই খবর। এরপর নতুন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে।












Click it and Unblock the Notifications