Mohan Bhagwat Barddhaman Rally: বর্ধমানে মোহন ভাগবতের সভায় অনুমতি, মাধ্যমিক চলায় ‘শর্ত’ বেঁধে দিল হাইকোর্ট
Mohan Bhagwat Barddhaman Rally: বর্ধমানে আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC)। তবে বেঁধে দেওয়া হল একাধিক শর্ত। ১৬ ফেব্রুয়ারি বর্ধমানের তালির সাই কমপ্লেক্সে রবিবার রয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ ওরফে আরএসএসের সভা। মাধ্যমিক পরীক্ষা চলায় আরএসএসের ওই সভায় অনুমতি দেয়নি প্রশাসন।
রবিবার মাধ্যমিকের কোনও পরীক্ষা না থাকায় ব্যাঘাত হওয়ার বিষয়টি নেই বলে জানায় কলকাতা হাইকোর্ট। ১ ঘণ্টা ১৫ মিনিট ধরে চলবে ওই অনুষ্ঠান। ৫০০ মিটার দূরে রয়েছে দুটি স্কুল। তাই নির্দেশিকা মেনে অনুষ্ঠান করা যাবে বলে জানিয়ে দিল হাইকোর্ট। বর্ধমানে আরএসএসের অনুষ্ঠানে প্রধান অতিথি মোহন ভাগবত। প্রশাসনের তরফে অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আয়োজকরা।

আবেদনকারীদের তরফে জানানো হয়, যেহেতু ওই স্থানে একটি স্কুল রয়েছে, তাই মাধ্যমিক পরীক্ষা চলার কারণে ওই অনুষ্ঠানে সাউন্ড বক্স ব্যবহারের অনুমতি দিচ্ছেন না বর্ধমান উত্তরের মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস। অথচ তাঁরা রবিবার এই অনুষ্ঠান করছেন। তাই এই অনুমতি চেয়ে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের করার অনুমতি চান আবেদনকারীর আইনজীবী।
পরীক্ষার্থীদের সমস্যার কথা ভেবে মাইক বাজানোর অনুমতি দেননি বলে জানান মহকুমাশাসক। পুলিশকে বিষয়টি জানান তিনি। বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হলে মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন মামলাকারীর আইনজীবী আদালতে জানান, সভাস্থলের এক থেকে ২ কিলোমিটারের মধ্যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই। কর্মসূচির জন্য রাজ্যের অনুমতির প্রয়োজন নেই বলে দাবি করেন তিনি।
রাজ্যের তরফে এজি কিশোর দত্ত বলেন, এলাকায় তিনটি স্কুল রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শুরুর তিন দিন আগে থেকে এলাকায় মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে। তবু আরএসএসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। যদিও বিচারপতি সিংহ জানান, এলাকায় তিনটির মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার সঙ্গে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের সম্পর্ক নেই।
শব্দের মাত্রা কত ডেসিবেল হওয়া উচিত সেই প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিংহ। রাজ্যের তরফে জানানো হয়, দিনের বেলা বসতি এলাকায় শব্দের মাত্রা ৪৫ ডেসিবেলের মধ্যে রাখতে হবে। কিন্ত আরএসএসের সভায় ১০ হাজার লোকের জমায়েত হবে। সেখানে শব্দ আটকানো কীভাবে সম্ভব? নজরদারিই বা কীভাবে করা হবে?
যদিও সব শুনে আদালত জানায়, নির্ধারিত দিনেই হবে মোহন ভাগবতের সভা। তবে পরীক্ষার্থীদের অসুবিধা করে কিছু করা যাবে না। দায়িত্বশীলভাবে করতে হবে সভা। সভায় শব্দ ন্যূনতম মাত্রায় রাখতে হবে বলে জানায় আদালত।












Click it and Unblock the Notifications