Ram Navami: "দুর্গাপুজোয় অশান্তি হলে পুজো বন্ধ করে দেব?” হাওড়ায় রামনবমীর মিছিলে অনুমতি হাইকোর্টের
Ram Navami 2025: ৬ এপ্রিল রামনবমী। রামনবমী ঘিরে মহা তোড়জোড় সারছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। হাওড়ার রামনবমীর জোড়া মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। হাওড়ায় অঞ্জনী পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিলে শুক্রবার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে মিছিলে শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি।
এদিন বিচারপতি জানান, PVC দিয়ে তৈরি যেকোন ধর্মীয় প্রতীক নিয়ে মিছিল করা যাবে। ধাতুর তৈরি কোনও হাতিয়ার নিয়ে মিছিল করা যাবে না। দুটি সংগঠনের ৫০০ জন করে মোট ১০০০ জন লোক নিয়ে মিছিল করা যাবে। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিছিল করবে অঞ্জনী পুত্র সেনা। বিকাল ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ।

দুটি মিছিলের রুটও নির্দিষ্ট করে দিয়েছে আদালত। প্রত্যেক অংশগ্রহণকারীদের পরিচয়পত্র-সহ নাম পুলিশকে দিতে হবে। এদিন বিচারপতির স্পষ্ট প্রশ্ন, "দুর্গাপুজোয় কোথাও গন্ডগোল হলে দুর্গাপুজো কি বন্ধ করে দেব? ক্ষমতা থাকা এবং ক্ষমতার প্রয়োগ করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কোনও এলাকা নিয়ে পুলিশ যদি আশঙ্কা প্রকাশ করে তাহলে সেটা রাজ্যের পক্ষে ভালো দেখায় না।" "ওই এলাকায় কি প্রতিদিন গন্ডগোল হয়?" প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
বিচারপতি আরও বলেন, "অশান্তি প্রতি বছর কমছে বলেই দেখা যাচ্ছে। ২০২২ সালে বেশি গন্ডগোল হয়েছিল। ২০২৩ সালে কমেছে, ২০২৪ সালে আরও কম হয়েছে। এবছর মানুষ আরও সচেতন হয়েছে বলে আশা করা যায়। যদি বন্ধ করতেই হয় তাহলে সব কর্মসূচিই বন্ধ করে দেব, রাজনৈতিক হোক বা অরাজনৈতিক।" এদিন বেশ কিছু শর্ত আরোপ করে হাওড়ায় পুরনো পথেই রামনবমীর শোভাযাত্রার অনুমতি দিল উচ্চ আদালত।
প্রসঙ্গত, অঞ্জনী পুত্র সেনা ও বিশ্ব হিন্দু পরিষদের জি টি রোড দিয়ে শোভাযাত্রায় অশান্তির কারণ দেখিয়ে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে লিখিতভাবে আপত্তি জানানো হয়েছিল। এরপর উচ্চ আদালতে যায় অঞ্জনি পুত্র সেনা ও বিশ্ব হিন্দু পরিষদ। শুক্রবার পুরনো পথেই দুই উদ্যোক্তাদের শোভাযাত্রায় অনুমতি দেয় হাইকোর্ট। তবে কিছু শর্ত আরোপ করা হয়।
নির্দেশ মেনেই কর্মসূচি হবে বলে জানান অঞ্জনি পুত্র সেনার হাওড়া সম্পাদক সুরেন্দ্র ভার্মা। রামবনমী নিয়ে স্পর্শকাতর এলাকায় শুরু হয়েছে রুট মার্চ। চলছে পুলিশের টহলদারিও। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। শোভাযাত্রার দিন মোতায়েন থাকবে প্রচুর পুলিশ।












Click it and Unblock the Notifications