কলকাতা হাইকোর্টে এদিন কাজ হল না, তৃণমূলপন্থী আইনজীবীরা এলেন না এজলাসে
আজ সোমবার থেকে দেশে প্রবর্তন হল ভারতীয় ন্যায় সংহিতা। তাই নিয়ে বিভিন্ন আদালতেই এদিন আইনজীবীদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে। কলকাতা হাইকোর্টেও এদিন অচলাবস্থা চলল৷ প্রধান বিচারপতির এজলাস থেকে অন্যান্য ঘরে মামলার শুনানি থেমে থাকল৷
সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে একাধিক মামলার শুনানি ছিল। কিন্তু আইনজীবীদের এক পক্ষ এজলাসে হাজির হননি। একই অবস্থা হাইকোর্টের অন্যান্য বিচারপতির এজলাসেও দেখা যায়।

একই অবস্থা দেখা যায় বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, বিচারপতি বিভাস পট্টনায়ক , বিচারপতি জয় সেনগুপ্ত, বিচারপতি রাজা বসুচৌধুরীর এজলাসেও। এছাড়াও বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বসার পরেও উঠে যায়।
এছাড়াও অনেক মামলায় আইনজীবীরা উপস্থিত হননি। শুনানি না করেই ফিরে যান হাইকোর্টের অনেক বিচারপতি। শুনানি না হওয়ায় বিভিন্ন জেলা থেকে আসা মামলাকারীরাও ফিরতে বাধ্য হন। সারা দিনই কলকাতা হাইকোর্টে অচলাবস্থা থাকল।
তিন নয়া ফৌজদারি আইন প্রবর্তনের প্রতিবাদে শুনানি প্রক্রিয়া বয়কট করলেন কলকাতা হাইকোর্টের তৃণমূলপন্থী আইনজীবীরা। হাইকোর্টের কোনও এজলাসেই শুনানির সময় তাঁরা উপস্থিত হননি। এছাড়াও অধিকাংশ মামলাতে রাজ্য সরকারের আইনজীবীদেরও দাঁড়াতে দেখা যায়নি।
ফলে মাসের প্রথম দিনেই তৃণমূলপন্থী আইনজীবীদের বয়কটের কারণে ব্যাহত হাইকোর্টের শুনানির কাজ। ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন তিন ফৌজদারি আইন সোমবার থেকেই চালু হয়েছে সারা দেশে। ১৮৬০ সালে তৈরি 'ইন্ডিয়ান পেনাল কোড' (ভারতীয় দণ্ডবিধি) এর পরিবর্তে 'ভারতীয় ন্যায় সংহিতা', ১৮৯৮ সালের 'ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট' (ফৌজদারি বিধি)-এর পরিবর্তে 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা' এবং ১৮৭২ সালের 'ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট' (ভারতীয় সাক্ষ্য আইন)-এর বদলে 'ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম' কার্যকর হয়েছে।
নতুন আইনের বিরোধিতা করেছেন হাইকোর্টের তৃণমূল সেলের আইনজীবী বিশ্বব্রত বসুমল্লিক। তিনি বলেন, ''আইনজীবীরা ওই তিন আইন মেনে নিলে বিচারব্যবস্থায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। আইনজীবীদের মতামত ওই আইনে প্রতিফলিত হয়নি। একতরফা ভাবে ওই আইন পাশ করানো হয়েছে। এই আইন কেন্দ্রীয় সরকারের সংশোধন করা উচিত।''












Click it and Unblock the Notifications