Amit Shah: CAA হবেই, কেউ আটকাতে পারবে না! বামপন্থীরা ভাল ছিল, মমতাকে নিশানা করে আর যা বললেন অমিত শাহ
Amit Shah: ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিন কলকাতা সফর করলেন বিজেপির চাণক্য বলে পরিচিত অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অমিত শাহ পশ্চিমবঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে অংশ নেন। পাশাপাশি তিনি আইটি ও সোশ্যাল মিডিয়া সেলের বৈঠকেও অংশ নেন।
অমিত শাহ এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন, তিনি বলেন, সিএএ কেউ আটকাতে পারবে না, কেননা তা আইনে পরিণত হয়েছে। তিনি বলেন, বাংলা থেকে যখন বামপন্থী শাসন উচ্ছেদ হয়, তখন সারা দেশ ও বাংলার মানুষ খুশি হয়েছিল। কিন্তু দিদি এমনভাবে শাসন পরিচালনা করছেন, যে জনগণ বলছে এর থেকে বামপন্থীদের শাসন ভাল ছিল।

অমিত শাহ এদিন বলেছেন, পশ্চিমবঙ্গে সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া দিদিকে ভয় পায়। এছাড়া অর্থের কারণে তারা জনগণের কাছে বিজেপির বার্তা পৌঁছে দেয় না। তিনি বলেছেন, সোশ্যাল মিডিয়া কর্মীদের বিজেপির পদ্ম প্রতীক এবং ফের একবার মোদী সরকার স্লোগান বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া থেকে কেউ আটকাতে পারবে না।
তিনি এদিন আরও বলেন, দিদি বিজেপিকে খুব হাল্কা ভাবে নিচ্ছিলেন। কিন্তু দলের কর্মীরা লোকসভায় ১৮টি আসন এবং বিধানসভায় ৭৭ টি আসন জয়ে বড় ভূমিকা পালন করেন। তিনি বলেন, বিজেপি বিধানসভায় যদি শূন্য থেকে ৭৭টি আসন পেতে পারে, আর লোকসভায় শূন্য থেকে ১৮টি আসন পেতে পারে, তাহলে অনায়াসেই লোকসভায় ৩৫ টি আসন পেতে পারে। দিদি তা ভাল করেই জানেন বলেও মন্তব্য করেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন লোকসভা থেকে বহিষ্কার হওয়া তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং সাসপেন্ড হওয়া সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তিনি বলেন, তৃণমূল সংসদ সদস্যরা তাদের লোকসভা অ্যাকাউন্টের পাসোয়ার্ড একজন ব্যবসায়ীকে দেন। তিনি প্রশ্ন করেন, যেসব সাংসদরা টাকা ও দামী উপহারের বিনিময়ে প্রশ্ন করেন, তাঁরা দেশকে কতটা নিরাপদে রাখতে পারবেন?
তিনি দাবি করেন, তৃণমূলের এক সাংসদ দেশের উপরাষ্ট্রপতিকে নকল করে সাংবিধানিক পদের অবমাননা করেছেন।












Click it and Unblock the Notifications