পুর প্রশাসক হাকিমের এলাকায় ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি
পুর প্রশাসক হাকিমের এলাকায় ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি
আগেই ছিল নড়বড়ে। তার উপর আমফানের তান্ডব। ভরদুপুরেই আচমকাই কলকাতার প্রাক্তন মেয়র তথা পুর প্রশাসক ফিরহাদ হাকিমের ওয়ার্ডে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পরল একটি বাড়ি।

মঙ্গলবার দুপুর দুটো নাগাদ এমনই ঘটনার সাক্ষী থাকল চেতলাবাসী। জানা গিয়েছে, ১১ বি চেতলা সেন্ট্রাল রোডের বাড়িটি, পুরনো দিনের করি বর্গা চুন সুরকির পাকা বাড়ি। তিনতলা এই বাড়িটিতে মোট পাঁচটি পরিবার থাকতো। মালিক ও শরিক পক্ষের বিবাদ ছিল। এইজন্য সংস্কার আটকে ছিল। এদিকে বিপজ্জনক অবস্থায় থাকলেও কলকাতা পুরসভার কোনও নোটিশ ছিলনা। ফলে বাড়ি ছেড়ে যাওয়ার প্রয়োজনও বোধ করেনি বাসিন্দারা। এরমধ্যেই এদিন দুপুরে হটাৎই ভেঙে পড়ে বাড়ির দোতলার ঝুল বারান্দার ছাদ। বাড়ির নিচতলার বাসিন্দা মানবেন্দ্র মণ্ডল কোনওক্রমে বেঁচে গিয়েছেন। তবে এক বাসিন্দার মোটরবাইক ভেঙে গিয়েছে বাড়ির ভগ্নাংশ পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। বাড়িটি অনেক পুরনো হওয়ায় ওই বাড়ির বাসিন্দাদের অন্য জায়গায় থাকার পরামর্শ দেন। যেকোনো সময় পুরো বাড়িটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। পাশাপাশি, ভেঙে পড়া অংশের পাশের বাড়ির যে অংশ বিপজ্জনকভাবে ঝুলে ছিল তা এদিন পুরসভার পক্ষ থেকে ভেঙে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications