বোসপুকুর শীতলা মন্দিরের এ বছরের ভাবনা আবদ্ধ, কাঠের ফ্রেমে সেজে উঠেছে মণ্ডপ
বোসপুকুর শীতলা মন্দিরের পুজো
মাটির ভাঁড় দিয়ে পুরো মণ্ডপ সজ্জা করে ২০০১ সালে তাক লাগিয়ে দিয়েছিল কলকাতার বোসপুকুর শীতলা মন্দিরের পুজো। ব্যাস, তারপর থেকেই এই পুজো কমিটিকে আর পেছন ঘুরে তাকাতে হয়নি। প্রত্যেক বছরই অভিনব থিম ভাবনায় চমক এনেছে তারা। তবে এ বছর পরিস্থিতি আলাদা আর বাজেটও কম। তবে তার মধ্যেও তাদের সৃজনশীল চিন্তাতেই সেজে উঠছে পুজোর মণ্ডপ। এবারে তাদের ভাবনা আবদ্ধ।

করোনা সঙ্কটের কথা মাথায় রেখে বোসপুকুর শীতলা মন্দির এবার তাদের মণ্ডপ সাজিয়ে তুলছে অসংখ্য কাঠের ফ্রেম দিয়ে। উদ্যোক্তা কাজল সরকার জানান, এই কাঠের ফ্রেমের মধ্যে মানুষের জীবন আবদ্ধ হয়ে পড়েছে। তাই এই থিমের ভাবনা। এছাড়াও মণ্ডপ সাজানো হয়েছে বাটাম দিয়ে। শিল্পী গোবিন্দ গিরি এই মণ্ডপ সজ্জাকে অন্য মাত্রা এনে দিয়েছে।
তবে প্রতিমা অন্যবারের মতোই সাবেকি। থাকছে আলো আঁধারির কাজও। এছাড়াও রাজ্য সরকারের নিয়ম মেনে তিন দিক খোলা মণ্ডপও হচ্ছে। তবে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এ বছর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। তাই কিছুটা হলেও মনমরা পুজো উদ্যোক্তারা।












Click it and Unblock the Notifications