কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, লন্ডনগামী বিমানের সমস্ত যাত্রীকে নামিয়ে চলল তল্লাশি
কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্কের জেরে বিমান থেকে নামিয়ে দেওয়া হল ৫৪১ জন যাত্রীকে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্কের জেরে হইচই তৈরি হল মঙ্গলবার ভোররাতে।
বিমানবন্দর সূত্রে খবর, এক ব্যক্তি আচমকা চিৎকার করতে শুরু করেন বিমানে বোমা রয়েছে বলে। আর তার জেরে এই লন্ডনগামী কাতার এয়ারওয়েজের বিমানটি ওড়ার আগে থমকে যায়। আচমকা ওই ব্যক্তির চিৎকারে স্তম্ভিত হয়ে যান বাকি যাত্রীরা।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৩টে ২৯ মিনিটে লন্ডনগামী কাতার এয়ারওয়েজের বিমানটি টেক অফ করার কথা ছিল। ঠিক তার আগেই এক বিমানযাত্রী বিমানে বোমা রয়েছে বলে চিৎকার করে ওঠেন।
এর জেরে বিমান ছাড়তে দেরি হয়। প্রথমে বিমানের সমস্ত যাত্রীকে নামিয়ে বিমানটিকে বম্ব স্কোয়াড ডেকে তল্লাশি চালানো হয়। এবং দেখা যায় বিমানে কোনও বোমা পাওয়া যায়নি।
ঘটনার পর ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করে সিআইএসএফ জেরা চালাচ্ছে। ওই ব্যক্তি কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। জেরার সময় ওই ব্যক্তি জানিয়েছেন, বিমানের অন্য এক যাত্রীর কাছ থেকে তিনি জানতে পারেন বিমানে বোমা রয়েছে।

গ্রেফতার হওয়া বিমান যাত্রীর বাবা পুলিশের কাছে কিছু নথিপত্র জমা করেছেন। যেখানে তাঁর দাবি, তাঁর পুত্র মানসিক রোগের শিকার এবং চিকিৎসাধীন।
এই বিভ্রাটের জেরে লন্ডনগামী বিমান ছাড়তে অনেক দেরি হয়ে যায়। বেশ কয়েক ঘণ্টা যাত্রীদের বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে। কয়েক মাস আগে পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরেও একই ধরনের ঘটনা ঘটে। এবং যার জেরে বিমানবন্দরে বিপত্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়।












Click it and Unblock the Notifications