ঘরের মধ্যে তিন জনের দেহ, হাড় হিম করা ঘটনা বরাহনগরে
পয়লা বৈশাখের সকালে তাল কাটতে শুরু করেছিল পচা গন্ধ। ক্রমে সেই গন্ধ সেজ বাড়ছিল। উত্তর কলকাতার বরাহনগরের নিরঞ্জন সেন নগরে হাড়হিম করা ঘটনা। বাড়ির ভিতর থেকে উদ্ধার হল একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ।
মৃত তিন জন সম্পর্কে ঠাকুরদা, বাবা ও ছেলে। তাদের শরীরে পচন ধরেছে। ফলে তদন্তকারীদের অনুমান, বেশ কয়েক দিন আগে তারা মারা গিয়েছেন৷ মৃতদেহগুলিতে আঘাতের চিহ্ন রয়েছে। ফলে এটি খুন না কি অন্য কোনও বিষয়? তাই নিয়ে সন্দেহ রয়েছে৷

মৃত তিন জনের নাম শঙ্কর হালদার, বাপ্পা হালদার ও বর্ণ হালদার। শঙ্কর হালদার ওই পরিবারের কর্তা ছিলেন। শঙ্করের ছেলে বাপ্পা৷ আর বাপ্পার ছেলে বর্ণ। ঘরে রক্তের দাগ পাওয়া গিয়েছে৷ ফলে ধোঁয়াশা তৈরি হয়েছে ঘটনায়৷
শঙ্কর হালদারের মাথায় গভীর ক্ষত রয়েছে৷ মনে করা হচ্ছে ভারী কোনও জিনিস দিয়ে আঘাত করা হয়েছে তাকে। পুলিশের প্রাথমিক অনুমান, একজন ব্যক্তি অন্য দুজনকে খুন করেছে। তারপর তিনি নিজে আত্মঘাতী হন৷ স্থানীয়রা জানাচ্ছেন, গত বৃহস্পতিবারের পর আর তাদের তিন জনকে দেখা যায়নি।
ওই পরিবারে ওই তিন জন সদস্যই থাকতেন। বাপ্পার স্ত্রী অন্যত্র চলে গিয়েছিলেন বলে জানা গিয়েছে৷ ওই বাড়ির জানলা দরজা সব ভিতর থেকে বন্ধ ছিল। সেই কারণে কেউ ভিতরে ঢুকে খুন করেছে, তাও মনে করা হচ্ছে না।
আজ রবিবার সকাল থেকেই অত্যন্ত কটু দুর্গন্ধ ছড়াচ্ছিল এলাকায়। সকলেই বুঝতে পারেন ওই বন্ধ বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। বরাহনগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়৷ একে একে মৃতদেহ উদ্ধার হয়৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications