তিনদিনের ব্যবধানে দু’বার ব্লেড হামলা, বরানগরের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত যুবক
কলকাতা, ২৭ সেপ্টেম্বর : অকুস্থল সেই বরানগর। তিনদিনের ব্যবধানে দুই কলেজছাত্রীর উপর চলল ব্লেড হামলা। গ্রেফতার করা হল অভিযুক্তকে। কিন্তু দুই ঘটনাতেই কি অভিযুক্ত এক? তা নিয়েই ধন্দে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে টিউশন থেকে বাড়ি ফিরছিলেন বি এ প্রথম বর্ষের ছাত্রী। তাঁর গালে ব্লেড চালায় এক দুষ্কৃতী। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে রবিবারও। এক্ষেত্রেও বরানগরের এক ছাত্রীর থুতনিতে ব্লেড চালানো হয়। সেই একইভাবে সাইকেল চালিয়ে আসে দুষ্কৃতী। তাঁর ক্ষেত্রেও টিউশন থেকে ফেরার সময় বাড়ির গলিতেই ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরেন তিনি। সোমবার বরানগর থানায় অভিযোগ দায়ের হয়।

এরই মধ্যে সোমবার গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। পর পর একই রকম ঘটনা ঘটায় নড়েচড়ে বসেছে পুলিশও। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ যাচাই করে তদন্তকারীরা একপ্রকার নিশ্চিত যে, দুটি ঘটনার নেপথ্যেই একই লোক। ধৃতের নাম শিবু বিশ্বাস। তার বাড়ি বরানগরেরই কুঠিঘাটে। ইতিমধ্যেই রবিবারের ঘটনায় আক্রান্ত তরুণীকে দিয়ে ধৃতকে চিহ্নিতও করানো হয়েছে। বৃহস্পতিবারের ঘটনায় আক্রান্ত তরুণীকে দিয়েও তাকে চিহ্নিত করাবে পুলিশ।
ধৃত যুবক জেরায় দাবি করেছে, সে একটি কারখানায় কাজ করত। দু'মাস ধরে চাকরি নেই। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিল। সেই মানসিক অবসাদ থেকেই এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি ধৃতের। পুলিশ তার দাবির সত্যতা খোঁজার চেষ্টা করছে।












Click it and Unblock the Notifications