কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কালো পতাকা, ছাত্র সংগঠনের স্লোগান
এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা দেখানো হল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। বিশ্ববিদ্যালয়ের আজ প্রতিষ্ঠা দিবস। সেজন্য সমাবর্তন অনুষ্ঠানে তিনি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ ও এআইডিএসও- এর পক্ষ থেকে কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখানো হয়।
কালো পতাকা নিয়ে সকাল থেকেই অপেক্ষা করছিল পড়ুয়াদের দুই সংগঠন। কেন্দ্রীয় শিক্ষানীতি চালু করা যাবে না। অবিলম্বে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করতে হবে। একাধিক দাবি ছাত্র সংগঠনগুলির তরফ থেকে তোলা হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় শিক্ষানীতি চালু করার বার্তা দিতে কলকাতা বিশ্ববিদ্যালয় আসছেন। এই অভিযোগ করা হয়।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রয়েছেন রাজ্যপাল। আজ বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস বিশ্ববিদ্যালয় কর্মসূচিতে আসবেন। এ কথা আগেই ঘোষণা হয়েছিল। রাজ্যপালকে কালো পতাকা দেখানোর সিদ্ধান্ত নেয় ছাত্র সংগঠন এআইডিএসও। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও বিক্ষোভ কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্যদের নিয়োগ করতে হবে। না হলে বিশ্ববিদ্যালয়গুলির কাজ থমকে যাচ্ছে। বহু ক্ষেত্রে কাজকর্ম ব্যাহত হচ্ছে। পড়ুয়া থেকে শিক্ষকমণ্ডলী সবারই সমস্যা হচ্ছে স্থায়ী উপাচার্য না থাকায়৷ কিন্তু রাজ্যপাল কোনওভাবে রাজ্যের সঙ্গে সহযোগিতা করছে না। এই অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের।
এআইডিএসও- এর তরফ থেকে দাবি করা হচ্ছে কেন্দ্রীয় শিক্ষানীতি চালু হচ্ছে দেশজুড়ে। রাজ্যের তরফ থেকে সেই শিক্ষা নীতির আদলে রাজ্যের শিক্ষানীতির চালু করা হচ্ছে। চার বছর ধরে এরপর সাম্মানিক স্তরে পড়াশোনা চলবে। কখনওই তা চালু করা যাবে না। কেন্দ্র ও রাজ্যের নতুন শিক্ষানীতির বিরুদ্ধে তারা। রাজ্যপাল সিভি আনন্দ বোস বিভিন্ন বিশ্ববিদ্যালয় যাচ্ছেন। সেখানে কেন্দ্রীয় শিক্ষানীতি চালু করার কথা বলছেন তিনি। কেন্দ্রের কথা শুনে চলবে এমন উপাচার্যদের নিয়োগ করার চেষ্টা চলছে। এই অভিযোগ করা হচ্ছে।
কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে রাস্তায় পড়ুয়ারা ফেস্টুন, ব্যানার নিয়ে অপেক্ষা করেন রাজ্যপালের জন্য। তাদের হাতে কালো পতাকাও ছিল। নির্দিষ্ট সময়ে রাজ্যপালের কনভয় কলেজ স্ট্রিট এসে পৌঁছায়। সেই সময় দুই ছাত্র সংগঠনের তরফ থেকে রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয়। কেন্দ্রীয় শিক্ষানীতির বিরুদ্ধে স্লোগান তোলা হয়।
বিক্ষোভকারীদের কোনওভাবেই কনভয়ের একদম সামনে আসতে দেওয়া হয়নি। ক্যাম্পাসের মধ্যে রাজ্যপালের গাড়ি ঢুকে যায়। বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় গেটের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। এই খবর লেখার সময় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাজ্যপাল।
রাজ্যের একাধিক জায়গাতেই রাজ্যপালকে কালো কাপড়, পতাকা দেখানো হয়েছে। এর আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যপাল। সেখানেও তাঁকে কালো পতাকা দেখানো হয়েছিল।












Click it and Unblock the Notifications