কাটমানি অভিযুক্তদের নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্য বিজেপির! দিলীপ ঘোষ পেলেন নতুন দায়িত্ব
কাটমানি অভিযুক্তদের নিয়ে নতুন সিদ্ধান্ত গেরুয়া বাহিনীর। যে সব তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানি নিয়ে অভিযোগ উঠেছে, তাঁদের দলে নেওয়া হবে না।
কাটমানি অভিযুক্তদের নিয়ে নতুন সিদ্ধান্ত গেরুয়া বাহিনীর। যে সব তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানি নিয়ে অভিযোগ উঠেছে, তাঁদের দলে নেওয়া হবে না। এমনটাই ঘোষণা করে দিলেন পশ্চিমবঙ্গে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়। প্রসঙ্গত, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। সেই সময় কেন্দ্রীয় বিজেপি নেতার এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কৈলাসের সিদ্ধান্ত, অভিযোগ
বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। তাই নিয়েই সভা। এমনই এক সভায় বিজেপির সাংসদ বিধায়করা ছাড়াও হাজির রাজ্য নেতারা। সেখানেই বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বার্তা দেন, তৃণমূলের থেকে অনেকেই এখন বিজেপিতে আসতে চাইছেন। কিন্তু দলে সিদ্ধান্ত হয়েছে কাটমানিতে অভিযুক্তদের নেওয়া হবে না। একইসঙ্গে তাঁর অভিযোগ, তৃণমূলের নেতারা যে কাটমানি খেয়েছেন, তার ৭৫ ভাগই গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে।

দিলীপ ঘোষের নতুন দায়িত্ব
বিজেপিতে লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম যোগ দেওয়ার পর থেকেই শোরগোল শুরু হয়েছিল। দিকে দিকে বেনোজস ঢুকছে বলেও অভিযোগ করছিলেন দীর্ঘদিনের বিজেপি নেতা কর্মীরা। এবার সেই অভিযোগের সমাধান হওয়ার পথে। এদিনের সভায় কৈলাস বিজয়বর্গীয় বলেন, এবার থেকে দলে কারা যোগ দেবেন আর কারা সেই তালিকা থেকে বাদ পড়বেন তা ঠিক করবেন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

প্রাক্তন সিপিএম মন্ত্রীর বিজেপিতে যোগদান
এদিনের এই অনুষ্ঠানে বিজেপিতে যোগ দেন নদিয়ার হরিণঘাটার প্রাক্তন সিপিএম বিধায়ক তথা বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার সদস্য বঙ্কিমচন্দ্র ঘোষ। তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications