অবাধ ভোটের পথে কাঁটা মমতার প্রশাসনের কর্তারা! নালিশ নিয়ে দিল্লিতে মুকুলরা
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে দিল্লি গেল বিজেপির বঙ্গ-প্রতিনিধিরা। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে রাজ্যের পুলিশের বিরুদ্ধে কামান দাগবেন মুকুল রায়-কৈলাশ বিজয়
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে দিল্লি গেল বিজেপির বঙ্গ-প্রতিনিধিরা। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে রাজ্যের পুলিশের বিরুদ্ধে কামান দাগবেন মুকুল রায়-কৈলাশ বিজয়বর্গীয়রা। তাঁদের নালিশ শাসকদল ঘনিষ্ঠ পুলিশ ও আমলাদের বিরুদ্ধে। রীতিমতো তথ্যপ্রমাণ নিয়ে তাঁরা হাজির দিল্লির দুয়ারে।

নির্বাচন কমিশনে নালিশ
দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া বিজেপির প্রতিনিধি দলে থাকছেন কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, সায়ন্তন বসু-রা। তাঁদের অভিযোগ, রাজ্যের পুলিশ ও আমলারা দলদাসে পরিণত হয়েছেন। তাঁরা তৃণমূল কংগ্রেসের অঙ্গুলিহেলনে কাজ করছেন। সে সব তথ্য-প্রমাণ তাঁদের হাতে রয়েছে, তা তাঁরা তুলে ধরবেন নির্বাচন কমিশনের কাছে।

মুকুল রায়ের দাবি
মুকুল রায় জানান, পঞ্চায়েত ভোটের শুরু থেকে শেষপর্যন্ত, বোর্ড গঠন-সহ একাধিক কাজে পুলিশ আধিকারিকদের ভূমিকা সঠিক নয়। সেইসব তাঁরা লোকসভার আগে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরবেন। পুলিশ আধিকারিক, আমলাদের ভূমিকার এক এক করে প্রমাণ দেবেন তাঁরা।

মমতাকে চাপে রাখার চেষ্টা
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতেই এটা বঙ্গ বিজেপির পরিকল্পনা। বাংলায় এই সময় বিজেপির রথ ছোটার কথা ছিল, কিন্তু আইনি প্যাঁচে তা হয়নি। সেই কারণেই বিজেপির বিকল্প পরিকল্পনা নিল রাজ্য প্রশাসনকে চাপে রাখার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে নালিশ নিয়ে তাই তাঁরা দিল্লির দ্বারস্থ।

সুষ্ঠু লোকসভা নির্বাচনের লক্ষ্যে
শুধু নির্বাচন কমিশন নয়, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের হাতেও ওই রিপোর্ট তুলে দেবে বিজেপি। কৈলাশ-মুকুলদের মূল দাবি, ওই সব আমলা ও পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভোট হওয়া একেবারেই অসম্ভব। আসন্ন লোকসভা ভোট স্বচ্ছ ও অবাধ করতে এখন থেকেই ভাবতে হবে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে।












Click it and Unblock the Notifications