ধর্মতলাতেই সভা করবে বিজেপি, নির্দেশ হাইকোর্টের, মুখ পুড়ল পুলিশের
আগামী ২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপিকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থলে সভা করতে পারবে বিজেপি। পুলিশের কোনও শর্ত থাকলে পরবর্তী শুনানিতে তারা তা আদালতে জানাতে পারবে। আগামী বুধবার পরবর্তী শুনানি।
ধর্মতলায় সভার অনুমতি দিতে চাইছে না কলকাতা পুলিশ। সেই বিষয়ে কলকাতা হাইকোর্টে কার্যত মুখ পুড়ল পুলিশের। কেন সভার অনুমতি দেওয়া হচ্ছে না? সেই বিষয়ে কোনও সুস্পষ্ট জবাব পুলিশের তরফে আদালতে জানানো যায়নি। বিচারপতি খোদ পুলিশের ভূমিকা নিয়ে হতবাক।

স্বাধীন দেশে সকলের সভা করার অধিকার আছে। বিচারপতি নিজে এই কথা বলেছেন। রাজ্য বিজেপির তরফে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানির সময়েই বিস্ময় প্রকাশ করেন বিচারপতি মান্থা।
ওই দিনের সভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকতে পারেন। হিসেব মতো ওই সভা অমিত শাহের। কিন্তু সেই সভারও অনুমতি পাওয়া যাচ্ছে না! বিস্মিত বিজেপি নেতারাও। এদিন বিচারপতি বলেন, "আমি অবাক হচ্ছি আপনাদের আপত্তি জানানো দুটি চিঠির বয়ান দেখে। এটা তো স্বাধীন রাষ্ট্র। এখানে তো সবার এমন সভা করার অধিকার আছে।"
ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপি সভা করতে চায়। প্রথমে ২৮ নভেম্বর করতে চেয়ে আবেদন করা হয়। কিন্তু ১৫ দিন আগে আবেদন না করার যুক্তিতে পুলিশ আপত্তি তোলে। সেজন্য পরে ২৯ নভেম্বর ওই একই এলাকায় সভা করতে চেয়ে নতুন আবেদন জানায় বঙ্গ বিজেপি। কিন্তু এবারেও আবেদন খারিজ করে দেওয়া হয়।
কোনও কারণ এবারও জানানো হয়নি। এরপরেই বিজেপি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিন বিচারপতি রাজশেখর মান্থা বলেন, "দুটো অনুমোদন বাতিলের চিঠি দিয়েছে পুলিশ। একটাতেও আপত্তির কারণ লেখা পর্যন্ত নেই। খুব বিস্মিত হচ্ছি পুলিশের এমন জবাবে। কী শর্ত দেবে সেটা পুলিশ ঠিক করুক। কিন্তু অনুমতি দিতে হবে পুলিশকে।"
রাজ্যের তরফে আইনজীবী জানিয়েছেন, ওইগুলো কম্পিউটার জেনারেটেড জবাব। বিচারপতি জানিয়েছেন, আবেদন করা হলে তাতে নির্দিষ্ট কারণ দেখানোর কথা। কেন যান্ত্রিক জবাব!
আগামী বৃহস্পতিবার বেলা তিনটে নাগাদ রেগুলার বেঞ্চে পরের শুনানি হবে। সকলের প্রতি সমান মনোভাব দেখানোর চেষ্টা করুক পুলিশ। এদিন এই কথাই বলেছে আদালত।












Click it and Unblock the Notifications