শোভন-বৈশাখীকে নিয়ে 'দ্বন্দ্ব'! জট কাটাতে বাড়িতে গেলেন ৩ বিজেপি নেতা
শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের ফ্ল্যাটে বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, জয়প্রকাশ মজুমদাররা। সূত্রের খবর অনুযায়ী, সেখানে দুঘন্টা ধরে বৈঠক চলে। বৈঠকে হাজির ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে ৩ বিজেপি নেতা
বুধবার রাতে শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন। সঙ্গে ছিলেন রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার-সহ আরও দুজন।

শোভন-বৈশাখীর ক্ষোভ
সূত্রের খবর অনুযায়ী, অরবিন্দ মেননকে সামনে পেয়ে, নিজেদের ক্ষোভ উগরে দেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোমবার বিজেপির কর্মশালায় শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমন্ত্রণ পাওয়ার পরেই না যাওয়ার অভিযোগ উঠেছিল। শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় অরবিন্দ মেননকে জানিয়েছেন,
তাঁরা ওই অনুষ্ঠানের কোনও আমন্ত্রণই পাননি। রাজ্যের কিছু বিজেপি নেতা সংবাদমাধ্যমের সামনে ভুল তথ্য পরিবেশন করছেন বলে অভিযোগ করেন শোভন-বৈশাখী।

রাজ্য নেতাদের বিরুদ্ধে অভিযোগ
শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্য নেতৃত্বের একাংশ তাঁদের মানতে চাইছেন না। তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন বলে জানা গিয়েছে। এদিনের বৈঠকে রাজ্য দফতরে সম্বর্ধনার দিন হওয়া বিতর্ক নিয়েও কথা হয় বলে জানা গিয়েছে। বৈশাখীকে পর্যাপ্ত সম্মান জানানো হচ্ছে না বলে, অরবিন্দ মেননের কাছে অভিযোগ জানান শোভন চট্টোপাধ্যায়।

কথা দেবশ্রী রায়কে নিয়েও
অরবিন্দ মেননের সঙ্গে আলোচনায় উঠে আসে দেবশ্রী রায় প্রসঙ্গও। বিজেপি নেতারা দেবশ্রী রায়কে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বয়ান দিচ্ছেন। তবে দুপক্ষের বৈঠকে আদৌ কোনও সমাধান সূত্র বেরলো কিনা তা অবশ্য জানা যায়নি।












Click it and Unblock the Notifications