বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার, পুলিশ আটকাতেই রাস্তায় বসে বিক্ষোভ অগ্নিমিত্রাদের
বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার, পুলিশ আটকাতেই রাস্তায় বসে বিক্ষোভ অগ্নিমিত্রাদের
বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল ধর্মতলায়। শুক্রবার পুলিশ ধর্মতলা মিছল আটকানোর চেষ্টা করতেই বিজেপির নেতা-কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারপরই তাঁদের রাস্তা থেকে পুলিশ ভ্যানে তোলা হয়। করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি জুলুমের অভিযোগে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে বিজেপি মিছিল করে।

পুলিশের জুলুমের প্রতিবাদে বিজেপির মিছিল
বিধায়িকা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি মিছিল করে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ধর্মতলায় আসতেই পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে প্রতিবাদ শুরু করেন বিজেপির নেতা-কর্মীরা। অগ্রভাগে ছিলেন অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খাঁয়েরা। অগ্নিমিত্রা পাল বলেন, পুলিশের জুলুম চলছে রাজ্যে। অতএব রাস্তায় নেমে প্রতিবাদও চলবে।

‘হয় চাকরি দিন, নয় পদত্যাগ করুন’
এদিন এই বিক্ষোভ সমাবেশ থেকে বিজেপি নেতৃত্ব দাবি তোলেন, হয় চাকরি দিন, নয় পদত্যাগ করুন। অগ্নিমিত্রার অভিযোগ, গোটা রাজ্য আজ উত্তাল, এ সব কিছুর জন্য দায়ী একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। যতক্ষণ না এই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে আমরা কেউ পিছু হটব না। কেন চাকরিপ্রার্থীদের উপর পুলিশি জুলুম হল, তার জবাব চাই আমরা।

রাস্তায় বসে বিক্ষোভ গেরুয়া ব্রিগেডের যুব মোর্চা কর্মীদের
২০১৪ সালের প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের সমর্থন করে পথে নামল বিজেপি। শুক্রবার দুপুরে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বিজেপি। বিধায়ক অগ্নিমিত্রা পাল, কাউন্সিলর সজল ঘোষ এবং যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল খাঁয়ের নেতৃত্বে এই মিছিল হয়। পুলিশি বাধা পেয়ে গেরুয়া ব্রিগেডের যুব মোর্চা কর্মীদের নিয়ে রাস্তা বসে পড়েন অগ্নিমিত্রা, সজল ও ইন্দ্রনীলরা।

পুলিশি বাধার মুখে পড়েন বিজেপির নেতা-কর্মীরা
তাঁরা বৃহস্পতিবার মাঝরাতে করুণাময়ী থেকে টেট প্রার্থীদের বিক্ষোভ হটিয়ে দেওয়ার পর পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেন। ধর্মতলার কাছে ভিক্টোরিয়া হাউসের সামনে আসতেই পুলিশি বাধার মুখে পড়েন বিজেপির নেতা-কর্মীরা। পুলিশ বাধা পেয়ে রাস্তায় বসে পড়লে অবরুদ্ধ হয়ে যায় রাস্তাঘাট। তারপর পুলিশ অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ, ইন্দ্রনীল খাঁয়েদের প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যায়।

টেট চাকরিপ্রাপ্থীদের আন্দোলনকে আরও অক্সিজেন
টেট চাকরিপ্রাপ্থীদের আন্দোলনকে আরও অক্সিজেন জোগাতে এখন বিরোধী তিনদলই রাস্তায় নেমেছে। সকাল থেকে বাম ছাত্র-যুব সংগঠনের ডাকে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলে শামিল হন। পরে তাদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয় প্রিজনভ্যানে। তাঁদের বিধাননগর উত্তর থানায় নিয়ে গেলে সেখানে একপ্রস্থ উত্তেজনা তৈরি হয়। থানার ভিতরে এবং বাইরে চলে বিক্ষোভ। তারপর বিজেপি মিছিল নিয়ে রাজপথে নামে। রাজপথে নামে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে মেয়ো রোডে মিছিল হয়। মিছিল করে গিয়ে তিনি চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন।
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications