মনোনয়নে উত্তাল রাজ্য, নির্বাচন কমিশনারের অফিসের সামনে রাস্তায় বসে ধরনা মুকুলের
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশে বাধাদান ও হিংসা-অশান্তির প্রতিবাদে কলকাতা নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করল বিজেপি। রাস্তায় ধরনায় বসলেন মুকুল রায়।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশে বাধাদান ও হিংসা-অশান্তির প্রতিবাদে কলকাতা নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করল বিজেপি। পুলিশ-প্রশাসন ও কমিশনকে ঠুঁটো জগন্নাথ বলে ব্যাখ্যা করে বিজেপি নেতা মুকুল রায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। তিনি বলেন, রাজ্যের গণতন্ত্রে নেই। তাই নির্বাচনের মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না বিরোধীদের।

এদিন নির্বাচন কমিশনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান মুকুল রায় ও অন্যান্য নেতা-নেত্রীরা। এদিন দুপুর থেকে বিজেপির বিক্ষোভ কর্মসূচি চলে। এদিন নির্বাচন কমিশনের সামনে বিজেপির বিক্ষোভে যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছিল। বিজেপি সুষ্ঠু নির্বাচন সংক্রান্ত দাবিপত্রও পেশ করে নির্বাচন কমিশনারের কাছে।
বিজেপির বিক্ষোভ-অবস্থানের পরই পাল্টা দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তৃণমূল নেতারা। তাঁদের দাবি, জেলায় জেলায় বিরোধীরাই সন্ত্রাসের আবহ তৈরি করছে। এলাকা সন্ত্রস্ত করে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে বিজেপি, সিপিএম-সহ অন্যান্য বিরোধী দলগুলি। আসলে ওদের কোনও জনভিত্তি নেই। সেই কারণেই এই সন্ত্রাসের আবহ তৈরি করা ছাড়া আর কোনও ইস্যুও নেই।
এই মনোনয়ন-হিংসা ও অশান্তির প্রতিবাদে মঙ্গলবার রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে একদল রাজ্যপালের কাছে গিয়ে অভিযোগ জানিয়ে আসেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই নির্বাচন কমিশনারকে তলব করেন রাজ্যপাল। সেইমতো বুধবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনার।












Click it and Unblock the Notifications