সিএএ সমর্থনে মিছিলে গ্রেফতার কৈলাশ-মুকুল সহ বিজেপি নেতৃত্ব, ধুন্ধুমার টালিগঞ্জে
সিএএ সমর্থনে মিছিলে গ্রেফতার কৈলাশ-মুকুল সহ বিজেপি নেতৃত্ব, ধুন্ধুমার টালিগঞ্জে
দক্ষিণ কলকাতায় বিজেপির অভিনন্দন যাত্রাকে কেন্দ্র করে ধুন্ধুমার টালিগঞ্জ চত্বর। অনুমতি ছাড়াই মিছিল করা, এবং অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার এরাজ্যের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। সঙ্গে ছিলেন মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার সহ একাধিক নেতা-কর্মী। তাদেরকেও গ্রেফতার করে পুলিশ।

মিছিল বিজেপির
সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে দেশের বিভিন্ন প্রান্তে চলছে বিজেপির অভিনন্দন যাত্রা। বাংলার বিভিন্ন প্রান্তেও মিছিল করছে রাজ্য বিজেপি। এদিনও সেই মিছিলের আয়োজন করা হয় বিজেপির তরফে। তবে মিছিলের অনুমতি ছিল না বলেই সূত্রের খবর। তা সত্ত্বেও এদিন দুপুরে টালিগঞ্জে মিছিলের সূচনা করেন এরাজ্যের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

মিছিল আটকাল পুলিশ
বিজেপির অভিযোগ মিছিল শুরু হতেই পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের। মিছিল শুরু হতেই, তা আটকে দেয় পুলিশ। সেখান থেকেই বাঁধে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায়। পুলিশকে মিছিল নিয়ে বোঝাতে যান মুকুল রায়, কৈলাস বিজয়র্গীয়রা। একদিকে, পুলিশ কর্তাদের সঙ্গে তাঁর আলোচনা, আরেকদিকে পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি সমর্থকদের হাতাহাতি চলতে থাকে। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গ্রেফতার হন তাদের নেতা বর্গীয়। তাতেই কার্যত রণক্ষেত্র হয়ে উঠল টালিগঞ্জ এলাকা। একে একে গ্রেফতার হন মুকুল রায় সহ অন্যান্যরাও। পুলিশের জিপে তুলে তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হয়।

অবরোধে বিজেপি কর্মীরা
তার প্রতিবাদে আবার টালিগঞ্জ ফাঁড়ি থেকে নিউ আলিপুরগামী রাস্তা অবরোধে নামলেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা ভিড় জমান টালিগঞ্জ থানার সামনে। ঘটনার জেরে ওই এলাকায় যান চলাচল একপ্রকার বন্ধ হয়ে যায়।

এ কোন গণতন্ত্র, প্রশ্ন কৈলাশের
কৈলাশ বিজয়বর্গীয় বলেন, সিএএ-এর সমর্থনে শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল। তিনি প্রশ্ন করেন, এ রাজ্যে সিএএ-র বিরোধিতায় মিছিল করা যায়, কিন্তু সিএএ-এর সমর্থনে মিছিল করা যায় না। এই কি মমতার রাজ্যে গণতন্ত্র?












Click it and Unblock the Notifications