নবান্ন অভিযান পিছিয়ে দিল বিজেপি, আদিবাসী মহল্লার উৎসব নাকি নেপথ্যে অন্য কারণ
নবান্ন অভিযান পিছিয়ে দিল বিজেপি, আদিবাসী মহল্লার উৎসব নাকি নেপথ্যে অন্য কারণ
বিজেপির নবান্ন অভিযান অবশেষে পিছিয়ে গেল। তৃণমূল সরকারের হেভিওয়েট নেতাদের নামে পাহাড় প্রমাণ দুর্নীতি সামনে আসতেই আন্দোলন তীব্র করতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু তাঁদের কর্মসূচি শুরুতেই ধাক্কা খেল। দিনক্ষণ ঘোষণার পরই পিছিয়ে দিতে হল কর্মসূচি। আদিবাসী পরবের জন্য পিছিয়ে দেওয়ার কারণ দর্শালেও নেপথ্যে অন্য কারণও খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল।

নবান্ন অভিযান আরও ৬ দিন পিছিয়ে গেল
বিজেপি আগামী ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযান চূড়ান্ত করেছিল। কিন্তু ওইদিনের নবান্ন অভিযান শেষমেশ পিছিয়ে দেওয়া হচ্ছে। সোমবার মেগা-বৈঠকের পর গেরুয়া শিবির সূত্রে জানানো হয়েছে ৭ সেপ্টেম্বরের নবান্ন অভিযান আরও ৬ দিন পিছিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ নবান্ন অভিযান ৭ সেপ্টেম্বরের পরিবর্তে হবে আগামী ১৩ সেপ্টেম্বর।

কেন পিছিয়ে দেওয়া হল নবান্ন অভিযান
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কেন পিছিয়ে দেওয়া হল নবান্ন অভিযান? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন। গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। আরও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে আসছে তৃণমূলের। এখন তো কালক্ষেপ না করে আন্দোলনকে বৃহৎ আকার দিতে হবে। সেখানে বিজেপি নবান্ন অভিযান নিয়ে কালবিলম্ব করেই চলেছে। এখনও আন্দোলনকে বৃহত্তর রূপ দিতে পারেনি বিজেপি।

কী কারণে নবান্ন অভিযানের দিন বদল
এখন উত্তর খোঁজার চেষ্টা চলছে, ঠিক কী কারণে নবান্ন অভিযানের দিন বদল করা হল, তার। বিজেপি সূত্রে জানানো হয়েছে, আদিবাসী মহল্লায় বড় উৎসব হল করম পরব বা করম পুজো। সেই পুজো ও উৎসবে বা আদিবাসী আবেগে কোনওভাবে আঘাত দিতে চাইছে না বিজেপি। করম পরব উপলক্ষে ৭, ৮, ৯ সেপ্টেম্বর তিনদিন উৎসব। সেই উৎসবের মধ্যে নবান্ন অভিযান করতে চায় না বিজেপি। তাই কর্মসূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হল।

নবান্ন অভিযানের দিন বদলের আসল কারণ
বিজেপির নবান্ন অভিযান পিছিয়ে দেওয়ার পক্ষে আরও একটি কারণ হল, বিজেপির সংগঠন আদিবাসী মহল্লায় বেশি শক্তিশালী। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের একাংশে করম পরব পালিত হয় বড় করে। জঙ্গলমহলের আদিবাসীরা এই উৎসবকে তাঁদের বড় উৎসব বলে মনে করে। তাই এই সময়ে যদি বিজেপি নবান্ন অভিযান করে, তবে আদিবাসী সম্প্রদায়ের মানুষ জন নবান্ন অভিযানে অংশ নিতে পারবেন না।

আদিবাসী মহল্লা থেকে যোগদানের সংখ্যা বাড়াতে
বিজেপি এবার নবান্ন অভিযানে লক্ষাধিক কর্মী-সমর্থকদের সমাবেশ করতে চাইছে। তাঁদের সেই পরিকল্পনা ধাক্কা খাবে করম পরবের সময় নবান্ন অভিযানের কর্মসূচি স্থির করলে। তাই বিজেপি এই কর্মসূচি পিছিয়ে দেওয়াই মনস্থ করল। আদিবাসীদের বড় উৎসব করম পরব মিটে গেলে তারপর হবে বিজেপির নবান্ন অভিযান। তাহলে জঙ্গলমহল তথা আদিবাসী মহল্লা থেকে বিজেপির কর্মসূচিতে যোগদানের সংখ্যা অনেক বাড়বে।

আদিবাসী ভোটব্যাঙ্কে কোনওভাবেই আঘাত নয়
তারপর আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে আদিবাসী ভোটব্যাঙ্কে কোনওভাবেই আঘাত দিতে চাইছে না পদ্মশিবির। তাঁদের ভাবাবেগ কোনওভাবে ধাক্কা লাগুক, তা একেবারেই চায় না বিজেপি। গতবার অর্থাৎ ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে এবং ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে মাইলেজ দিয়েছিল আদিবাসী ভোট। আবার তা নিজেদের পালে ফেরাতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যে মেপে মেপে পা ফেলতে চাইছে তারা।

ছুটির দিনেই নবান্ন অভিযানের ডাক দেয় বিজেপি
তারপর আদিবাসীদের করম পরবের দিনেই নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। এটা চরম মূর্খামি বলে অভিহিত করছে রাজনৈতিক মহল। কারণ আগে থেকেই ওই দিন ছুটি ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছুটির দিনে নবান্ন অভিযান ঘোষণা করেও বিজেপি হাসির খোরাক তৈরি করেছে। তাই নতুন দিনস্থির করা ছাড়া বিজেপির কোনও উপায়ই কার্যত ছিল না।

নবান্ন অভিযান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত, হোঁচট বিজেপির
পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার হওয়ার পরও বিজেপি সেভাবে আন্দোলনকে জোরদার করতে পারেনি। তা নিয়ে ঘরে-বাইরে সমালোচিত হচ্ছে বিজেপির বঙ্গ নেতৃত্ব। সেই অবস্থায় রাজ্যজুড়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঝড় তুলতে তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। কিন্তু আদিবাসী পরবের দিনেই যে তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে, তা আগে বুঝতে পারেনি। তাই আদিবাসী আবেগ কাজে লাগাতে নবান্ন অভিযান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি।












Click it and Unblock the Notifications