মুকুলকে ঠেকাতে তাঁর মোদীকে নিশানার ভিডিওই হাতিয়ার বিজেপির! তৈরি নয়া প্ল্যান
জঙ্গলমহলের সভা থেকে শুভ্রাংশুকে পাশে বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাগাড়ের উচ্ছিষ্ট বলে কটাক্ষ করেছিলেন মুকুল রায়কে। তাঁর সেই কথার এবার কড়া জবাব দিলেন বিজেপি নেতা মুকুল রায়।
উড়ে এসে জুড়ে বসেছেন মুকুল রায়। তাঁকে দলের সর্বময় কর্তা হিসেবে মানবে কেন দল? এতদিন যাঁরা বিজেপিকে লালন-পালন করে এলেন, তাঁরা কেনই বা অধিকার ছাড়বেন? মুকুলের আগমনে তাই বিজেপিতে শুরু হয়ে গিয়েছে আদি-নব্য দ্বন্দ্ব। পঞ্চায়েত ভোট মিটলেই বঙ্গ বিজেপিতে শুরু হবে নয়া যুদ্ধ। কার হাতে উঠবে বঙ্গ বিজেপির ব্যাটন- এখন থেকেই পাশা কষছেন নেতারা।

বিজেপিতে নাম লেখানোর পর থেকেই এই দ্বন্দ্ব উঠে পড়েছিল। তাকে ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা চলছিল। মুকুল রায় না দিলীপ ঘোষ, কে বাংলা বিজেপির নিয়ন্তা তা নিয়ে লড়াইয়ের মাঝেই মুকুল যেমন দিলীপকে ক্যাপ্টেন বলে সম্বোধন করেছিলেন, দিলীপও তাঁর টিমের ধোনি আখ্যা দিয়েছিলেন মুকুল রায়কে।
এবার দিলীপ ঘোষের সভাপতি পদের মেয়াদ শেষ হতে চলেছে। এই অবস্থায় তিনি ফের দায়িত্ব পাবেন নাকি তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানে মুকুল রায়ের হাতেই উঠবে বাংলা বিজেপির ব্যাটন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর মধ্যেই ভেসে আসছ রাহুল সিনহার নাম। আবার শমীক ভট্টাচার্যের নামও উঠে পড়ছে।
এমতাবস্থায় মুকুল রায়কে কোনও পক্ষই ফাঁকা জমি দেবে না। ফাঁকা জমি দেবে না বাংলা বিজেপিরই একটা বড় অংশ। বিশেষ করে আদি বিজেপিরা তো মুকুল রায়কে চাইবেনই না। সেই কারণেই দিলীপ ঘোষ, রাহুল সিনহার অনুগামীরা চাইছেন নিজেদের অবস্থান সুদৃঢ় করতে। আর তা করতে গিয়েই তাঁরা মুকুল রায়ের ভিডিওকে হাতিয়ার করছেন।
এযাবৎকাল মুকুল রায় তাঁর ২০ বছরের তৃণমূল জমানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নানা কটূ মন্তব্য করেছেন। মোদীকে নিশানা করে বাক্যবাণের বর্ষণ করেছেন। তার মধ্যে রয়েছে ব্যক্তিগত আক্রমণও। এমনকী নরেন্দ্র মোদীকে সর্বনাশা লোক বলেও আক্রমণ করেছিলেন মুকুল রায়। সেইসব ভিডিও তুলে ধরে দিলীপ-রাহুল অনুগামীরা দাবি করবেন, এমন একজনকে বিজেপির দায়িত্ব দেওয়া কতখানি সমীচিন হবে?
বঙ্গ বিজেপি এ ব্যাপারে ধীরে চলো নীতি নিয়ে এগোতে চাইছে। সেইসঙ্গে মুকুল রায়কে ঠেকানোর যাবতীয় অস্ত্রও প্রস্তুত রাখছে। যদি দেখা যায় মুকুল রায়কে অন্য কোনওভাবে ঠেকানো যাচ্ছে না, তখনই এই বজ্রবাণ ছাড়া হবে। মুকুল রায় এযাবৎকাল কী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে। তার ভিডিও, প্রকাশিত প্রতিবেদন- সেসবই সংগ্রহ করে রাখা হচ্ছে। শেষপর্যন্ত মুকুলকে নিশানা করে এই অস্ত্রই ত্যাগ করবে বিজেপি।
বিজেপির মুকুল-বিরোধী অংশের অভিমত, মুকুল রায় নিজের মতো করে টিম সাজাতে ব্যস্ত। তাঁকে দায়িত্ব দিলে যে এতদিনের বিজেপি নেতারা সাইড হয়ে যাবেন সে কথা বলার অপেক্ষা রাখে না। তাই মুকুলের বিরুদ্ধে এখন থেকেই যুদ্ধের তৎপরতা শুরু হয়েছে। পঞ্চায়েত ভোট মিটলে এই যুদ্ধ চরম রূপ নিতে পারে।












Click it and Unblock the Notifications