স্বাস্থ্যভবন অভিযানে পূর্ণ শক্তি নিয়ে রাজপথে বিজেপি, সুকান্ত-শুভেন্দু-লকেট-অগ্নিমিত্রারা প্রতিবাদে সোচ্চার
কলকাতার রাজপথে বিপুল সংখ্যক বিজেপির জমায়েত। লক্ষ্য সল্টলেকের স্বাস্থ্যভবন। বঙ্গ বিজেপির প্রথম সারির প্রায় সব নেতৃত্ব হাজির হয়েছেন এই কর্মসূচিতে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারতো আছেনই। রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়, অর্চনা মজুমদার সহ অন্যতম রাজনৈতিক মুখ।
স্বাস্থ্যভবন অভিযান বিজেপির এই মুহূর্তের অন্যতম বড় কর্মসূচি। আরজি কর কাণ্ড ও স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি নিয়ে স্বরূপ রাজ্যের প্রধান বিরোধী দল। স্বাস্থ্যভবন 'ঘুঘুর বাসা'। সেই অভিযোগ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা আগেই করেছেন। আরজি কর হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ এখন তদন্তের আতশকাঁচের তলায়। আর তাকে ঘিরেই নতুন করে একাধিক অভিযোগ উঠে আসছে রাজ্য রাজনীতিতে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ বারবার দাবি করছে বিজেপি শিবির। 'দফা এক, দাবি এক' মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই স্লোগান বারবার শুভেন্দু অধিকারীর গলায়। এদিনের মিছিলে প্রচুর সংখ্যায় প্ল্যাকার্ড রয়েছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে মিছিল থেকে।
রুদ্রনীল ঘোষ, অর্জুন সিং সহ অন্যান্য বিজেপি বিধায়করা উপস্থিত রয়েছেন। এত বিপুল সংখ্যক নেতৃত্ব নিয়ে বিজেপি শেষ কবে পথে নেমেছে? সেই প্রশ্ন উঠেছে। রাজনৈতিক মহলে বিজেপি কি তাহলে তার শক্তি প্রদর্শন করতে শুরু করে দিল? মানুষের জনবল সঙ্গে নিয়ে স্বাস্থ্যভবন অভিযান করার লক্ষ্যে সুকান্ত - শুভেন্দুরা?
স্বাস্থ্য ভবনের অনেক আগে থেকেই রাস্তা আটকানো রয়েছে। চার কিলোমিটার আগে থেকে ব্যারিকেড করে রেখেছে প্রশাসন। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন সল্টলেকের রাস্তায়। লাঠি, কাঁদানে গ্যাসের সেল মজুত রয়েছে। কোনওভাবেই ব্যারিকেড ভেঙে মিছিল সামনে এগোতে দেওয়া যাবে না। একথা বলা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
উল্টোডাঙা হাডকো মোড় থেকে বিজেপির মিছিল এগিয়ে চলেছে। ব্যারিকেড কি বিজেপি নেতৃত্ব ভেঙে এগিয়ে যাবে? না কি নতুন কর্মসূচি নেওয়া হবে? সেই প্রশ্ন থাকছে। ২৬ আগস্ট পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দেওয়া হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। না হলে ২৭ আগস্ট নবান্ন অভিযান হবে ছাত্র সমাজের। সেই কর্মসূচি ঘিরেও রাজনৈতিক চাপানউতোড় রয়েছে।
এরপর বিজেপি কি আরও বড় কর্মসূচি নেবে? তার আগে এদিন স্বাস্থ্যভবন অভিযান? সেই প্রশ্ন উসকে যাচ্ছে।












Click it and Unblock the Notifications