মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রকে হস্তক্ষেপ দাবি বিজেপির, রামপুরহাটের উত্তাপ বিধানসভাতেও
মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রকে হস্তক্ষেপ দাবি বিজেপির, রামপুরহাটের উত্তাপ বিধানসভাতেও
তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ খুনের পর অগ্নিগর্ভ হয়ে ওঠে বীরভূমের রামপুরহাট। ১০টি বাড়িতে আগুন লাগে। সেই অগ্নিকাণ্ড থেকে ১০ জনের দেহ উদ্ধার কপরা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে এদিন উত্তাপ ছড়িয়ে পড়ে বিধানসভায়। বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে ওয়াক আউট করে বিজেপি। তারপর মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন বিজেপি বিধায়করা। দাবি করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ।

বিধানসভা ওয়াকআউটের পর বিজেপি বিধায়করা বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে পৌঁছে গিয়েছে। মুখ্যমন্ত্রী ব্যর্থ নিরাপত্তা দিতে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর নৈতিক অধিকার নেই এই পদে থাকার। আমরা তাঁর পদত্যাগ দাবি করছি। অবিলম্বে তিনি পদত্যাগ করুন।
একইসঙ্গে রামপুরহাট ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন বিজেপি বিধায়করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তাঁরা দাবি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে নিরাপত্তা দিতে পারছেন না। সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই বাংলায়। তাই অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনায় হস্তক্ষেপ করুন। রামপুরহাট-কাণ্ডের পূর্ণ তদন্ত দাবি করেন তাঁরা।
বীরভূমে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান খুন হন। তারপরই রামপুরহাটের বকটুই গ্রামে আগুন জ্বলল। একের পর এক হাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় সূত্রে জানানো হয়, ১০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে মৃত্যু হয়েছে ৯ জনের। আর পুলিশ জানাচ্ছে মৃতের সংখ্যা ৭ জন।
এবার কীভাবে আগুপন লাগল, আগুনে ঝলসে গেল এতগুলো প্রাণ, তা নিয়েও চাপানউতোর তৈরি হয়েছে। চোখের নিমেষে পুড়ে গেল বাড়িঘড়। দমকল এসে পোড়া ঝলসে যাওয়া দেহ উদ্ধার করল। তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগসাজোশ নেই। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ১০টি নয়, ৩-৪টি বাড়িতে আগুন লাগে। শর্টসার্কিট থেকে টিভি সেটে বিস্ফোরণ হয়েছে বলে শুনছি। আবার অন্য কারণও হতে পারে।
বিজেপি-সহ বিরোধী দলগুলির দাবি, উপপ্রধানু খুনের পরই রামপুরহাটে প্রতিহিংসার আগুন ছড়িয়ে পড়ে। দুষ্কৃতীরাই এই আগুন লাগিয়েছে বলে অভিযোগ। সাধারণ মানুষের জীবন বিপন্ন। রাজ্যে তৃণমূল সরকার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ খতিয়ে দেখছে, উপপ্রধান খুনের ঘটনার সঙ্গে অগ্নিকাণ্ডের কোনও যোগসাজোশ রয়েছে কি না।
উল্লেখ্য, সোমবার জাতীয় সড়কের ধারে দোকানে চা খাওয়ার সময়ে উপপ্রধান ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। সেই বোমার আঘাতে মৃত্যু হয় উপপ্রধানের। তারপরই পরিস্থিতি অগ্নগর্ভ হয়ে ওঠে। এখন ওই খুনের সঙ্গে রামপুরহাটের বকটুই গ্রামের অগ্নিকাণ্ডের কোনও যোগসূত্র রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় সিট গঠন করা হয়েছে। নবান্নে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক চলছে।












Click it and Unblock the Notifications