মমতা বন্দ্যোপাধ্যায় কোন কাজের প্রশংসা করেন, কী বলছেন মুকুল রায়
গণতন্ত্র বিরোধী কাজে উচ্ছ্বসিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজের প্রশংসাও করেন। কেননা গণতন্ত্রকেই মানেন না তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমনটাই মন্তব্য করলেন মুকুল রায়।
গণতন্ত্র বিরোধী কাজে উচ্ছ্বসিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজের প্রশংসাও করেন। কেননা গণতন্ত্রকেই মানেন না তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমনটাই মন্তব্য করলেন এককালে তৃণমূলের দ্বিতীয়স্থানে থাকা বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়। এপ্রসঙ্গে কর্ণাটকের প্রসঙ্গও টেনেছেন মুকুল রায়।

শনিবার বিকেলে আস্থা ভোটের আগেই পদত্যাগ করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। প্রায় সঙ্গে সঙ্গেই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গেই মুকুল রায় বলেন, গণতন্ত্র মানেন না বলেই কর্ণাটকের ফল নিয়ে উচ্ছ্বসিত তৃণমূল নেত্রী।
কর্ণাটকের ভোটের সঙ্গে রাজ্যের পঞ্চায়েত ভোটের তুলনা করেছেন মুকুল রায়। তিনি বলেন, ৫ কোটি মানুষ ভোট দিলেও, একজনও মারা যায়নি। কিন্তু পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দিন বহু মানুষের মৃত্যু হয়েছে। এমন কী গণনার দিনও মৃত্যু মিছিল অব্যাহত থেকেছে।
মুকুল রায়ের অভিযোগ, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভোট লুঠ করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের ভোটের ট্রেন্ড বিজেপির দিকে যাওয়ার সঙ্গে সঙ্গেই পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের গণনায় গণ্ডগোল করা হয়েছে, কিংবা ছাপ্পা দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে ফল নিয়ে বিজেপি যে মোটের ওপর সন্তুষ্ট, তা হাবভাবে বুঝিয়ে দেন মুকুল রায়। ভোটগণনায় নিজের পুরনো দলের কাজের বর্ণনাও দিয়েছেন তিনি। মুকুল রায় বলেছেন, গণনা কেন্দ্রগুলিতে যত রাত বেড়েছে, সেখান থেকে বিজেপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বালুরঘাটে সাংসদ ও এসপি একসঙ্গে গিয়ে ভোট লুঠ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications