মুখ্যমন্ত্রী মমতাকে নজিরবিহীন আক্রমণ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার নজিরবিহীন আক্রমণ করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন বিজেপির এই কেন্দ্রীয় পর্যবেক্ষক।
কলকাতা, ৪ মে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার নজিরবিহীন আক্রমণ করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন কলকাতায় এসে বিজেপির ডাকা বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির এই কেন্দ্রীয় পর্যবেক্ষক।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন বিজয়বর্গীয়। তিনি বলেন, "কোথা থেকে এত অর্থ পাচ্ছেন মুখ্যমন্ত্রী? স্যান্ডেল পরে ঘুরে বেড়ান। অথচ অর্থের তো অভাব নেই।" এই বিষয়ে কৈলাস বিজয়বর্গীয় জানান, তৃণমূল ও মুখ্যমন্ত্রী কোথা থেকে এত অর্থ পাচ্ছে তার হিসাব বিজেপি মানুষকে দেবে।

তার আগে নকশালবাড়ির মাহালি দম্পতির বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রসঙ্গে বিজয়বর্গীয় বলেন, পশ্চিমবঙ্গে ভয় ও আতঙ্কের রাজনীতি চলছে। এরাজ্যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। বাংলার গণতন্ত্রকে বিজেপি বাঁচাবে বলেও দাবি করেছেন তিনি।
প্রসঙ্গত, নকশালবাড়ির ঘটনায় এদিন কলেজ স্কোয়ারে প্রতিবাদ কর্মসূচী করে বিজেপি। সেখানে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের মতো নেতারা ছিলেন। সেখানেই কৈলাস বলেন, বিরোধীদের মুখ বন্ধ করতে চাইছেন মুখ্যমন্ত্রী। বাম আমল থেকেই এরাজ্যে এই ধরনের প্রবণতা শুরু হয়েছে যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বেড়ে গিয়েছে।
আরও একধাপ এগিয়ে কৈলাস বলেন, চাপ দিয়ে ভয় দেখিয়ে বিজেপিকে দমানো যাবে না। বিজেপি কর্মীরা আদর্শের জন্য় লড়ে। আমরা পৃথিবীর সবচেয়ে বড় দল। আর তৃণমূল দুর্নীতির জন্য কাজ করে, আদর্শের জন্য নয়।












Click it and Unblock the Notifications