Dilip Ghosh: "জিন্নার আধুনিক রূপ মমতা, দেশভাগের থেকেও ভয়াবহ অবস্থা রাজ্যে," বেনজির আক্রমণ দিলীপের
Dilip Ghosh: খোদ রাজ্যের ভেতরেই এক জেলায় অত্যাচারিত হয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন হিন্দুরা। মুর্শিদাবাদ থেকে মালদহে আশ্রয় নেওয়া হিন্দুদের অবস্থা প্রসঙ্গে শাসকদলকে তুলোধনা বিজেপি নেতা দিলীপ ঘোষের। বললেন, "এসব কাশ্মীর-সিরিয়ায় দেখেছি। যদিও কাশ্মীরের লোকেরা এখন কাশ্মীরে ফিরছেন। রাজ্যের অবস্থা দেশভাগের থেকেও ভয়াবহ।" তৃণমূলের পাশাপাশি সিপিএমকেও কড়া আক্রমণ দিলীপের।
প্রতিদিনের মতো নিউটাউনে ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। মুর্শিদাবাদের ধুলিয়ানে বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধারের ঘটনায় সিপিএম দাবি করেছে, নিহতরা বাম সমর্থক। তখনই বামেদের নিশানা করে বিজেপি নেতা বলেন, "আরজি কর এরাই ঘেঁটেছে। শিক্ষক নিয়োগের আন্দোলন এরাই ঘেঁটেছে। এই দেশদ্রোহীদের চিনে নিন। এরা কত বড় বজ্জাত। হিন্দু মারা গিয়েছে। সেখানেও সিপিএম ঢোকাচ্ছে। বলছে না হিন্দু মারা গেছে। অভ্যাস পাল্টায়নি। পার্টিই নেই, তাদের আবার সদস্য কী?"

মুর্শিদাবাদে হিন্দুদের অবস্থা প্রসঙ্গে দিলীপ বলেন, "পশ্চিমবঙ্গের লোক এক জেলা থেকে অন্য জেলায় এমনকি অন্য রাজ্যে পালাচ্ছে। ২০২১ সালের ভোটের পর এই ছবি দেখেছি। দেশ ভাগের থেকেও এই পরিস্থিতি ভয়াবহ। বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে পালিয়ে আসছে। আর মুর্শিদাবাদ থেকে হিন্দুরা অত্যাচারে পালিয়ে যাচ্ছে। ভারতে এটা কল্পনা করা যায় না। তাহলে কি ভারতে সর্বত্র সংবিধান চলে না?"
এ রাজ্যে ওয়াকফ আইন লাগু হবে না বলে সাফ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পাল্টা মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন দিলীপ। তাঁর কথায়, "কিছু বোকা লোককে উনি বোকা বানান বারবার। এর আগে বলেছিলেন নোটবন্দি হতে দেব না, তিন তালাক হতে দেব না, সিএএ হতে দেব না। উনি অনেক কিছুই বলেছিলেন। কী ক্ষমতা রয়েছে তাঁর? ওনার দলেই ওনার কথা কেউ শোনে না।"
পুলিশকেও নিশানা দিলীপের। বলেন, "রাজীব কুমারকে জেল যাওয়া থেকে বাঁচিয়েছেন মমতা, তাই যা বলবেন তাই করবেন। এধরনের অফিসারদের উপর কে ভরসা করবেন? উগ্রপন্থীদের থেকেও বড় অপরাধ করছেন এরা। ৫ ঘণ্টা ফরাক্কায় নদীর ওপাশে আটকে ছিলাম। ট্রেন ও সড়ক যোগাযোগ বন্ধ। চারিদিকে আগুন জ্বলছে। পুলিশ ও বিএসএফ টহল দিচ্ছে। সরকার সহযোগিতা করছে যাতে হিন্দুরা পালিয়ে বাঁচতে না পারে। আগেভাগেই প্ল্যান করে অ্যাম্বুল্যান্স পুড়িয়ে দেওয়া হয়েছে।"
মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ দিলীপের। প্রাক্তন সাংসদ বলেন, "জিন্নার আধুনিক রূপ মমতা। হাতে করে হিন্দুদের ঘরছাড়া করছেন। পশ্চিমবঙ্গকে হাতে করে পশ্চিম বাংলাদেশ বানানোর পরিকল্পনা করছেন। এখানের কিছুই নিরাপদ থাকবে না। বাংলাদেশে পরিষ্কার বলা হচ্ছে হয় ধর্ম ছাড়ো, নাহলে দেশ ছাড়ো। পশ্চিমবঙ্গেও তাই হচ্ছে। মুর্শিদাবাদ মালদহেও ভয় দেখিয়ে ঘরছাড়া করা হচ্ছে হিন্দুদের। আর ববি হাকিম বলছেন ইসলামে এসো, নাহলে সম্পত্তি দাও।"












Click it and Unblock the Notifications