মমতার বিরুদ্ধে কাঁটা দিয়ে কাঁটা তুলতে মরিয়া মুকুল, পঞ্চায়েতে রণকৌশল চূড়ান্ত বিজেপির
প্রতি বুথে প্রার্থী দেওয়াই যে বিজেপির প্রধান লক্ষ্য, তা এদিন স্থির করে দেয় গেরুয়া শিবির। এবং প্রার্থী নির্বাচনে তৃণমূলের গোষ্ঠীকোন্দল কাজে লাগাতে হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।
পঞ্চায়েত-যুদ্ধে শাসক দল তৃণমূল কংগ্রেসের দরজায় লড়াই পৌঁছে দিতে রণকৌশল স্থির করে ফেলল বিজেপি। শনিবার ভবানীপুর ন্যাশনাল লাইব্রেরির প্রেক্ষাগৃহে বিজেপির পঞ্চায়েত কর্মসমিতির বৈঠকে পঞ্চায়েত ভোটের লড়াইয়ের রূপরেখা তৈরি করা হয়। এই বৈঠকে বিশেষ কয়েকটি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতি বুথে প্রার্থী দেওয়াই যে বিজেপির প্রধান লক্ষ্য, তা এদিন স্থির করে দেয় গেরুয়া শিবির। এবং প্রার্থী নির্বাচনে তৃণমূলের গোষ্ঠীকোন্দল কাজে লাগাতে হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনে তৃণমূলের বিক্ষুব্ধকেও টিকিট দিয়ে কার্য হাসিল করার সিদ্ধান্ত নেন দিলীপ ঘোষ-মুকুল রায়রা।
বিজেপির কেন্দ্রীয় নেতা রাজ্যের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপির অন্যতম মুখ মুকুল রায় উপস্থিত ছিলেন এই বৈঠকে। তাঁরা জানান, পঞ্চায়েত নির্বাচনের দামাম বেজে গিয়েছে। প্রতি বুথে আমাদের প্রার্থী দিতে হবে। তাহলেই অর্ধেক কাজ সারা হয়ে যাবে। সেই লক্ষ্য নিয়েই চলতে হবে বলে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কর্মীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় বার্তা দিয়ে বলেন, 'পাঁচ বছর আগে আমরা পঞ্চায়েত নির্বাচনে যখন লড়েছিলাম, তখন আমাদের শক্তি ছিল সীমিত। এখন আমরা রাজ্যের দ্বিতীয় শক্তি। তাহলে প্রথম শক্তি হয়ে ওঠাও কঠিন কাজ নয়। মানুষ আমাদের ভোট দিচ্ছেন। তাই আমরা রাজ্যে এগিয়ে চলেছি। আমাদের ভয় পেয়েছে রাজ্যের শাসকদল। তাই লড়াইয়ের ময়দান থেকে সরে গেলে চলবে না। শেষপর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।'
মুকুল রায়ের কথায়, 'তৃণমূল ভোট লুঠের পরিস্থিতি তৈরি করে রেখে দিয়েছে। পুলিশ রয়েছে শাসকদলের সঙ্গে। তা সত্ত্বেও আমাদের রুখতে হবে শাসকের ভোট লুঠের চক্রান্ত। মানুষকে বোঝাতে হবে বিজেপি মানুষের স্বার্থে কাজ করে। এই লড়াই যে আমরা জিততে নেমেছি, সেই বিশ্বাস রাখা সর্বাগ্রে দরকার। সেই বিশ্বাস থাকলে, জয় অধরা থাকবে না।'
এদিনের কর্মসমিতির বৈঠকে থেকে স্থির হয় লোকসভা জয়ের টার্গেটও। লোকসভায় অন্তত ২১টি আসনে জেতার টার্গেট রয়েছে বিজেপির। সেই কারণেই পঞ্চায়েতে ভালো ফল করতে মরিয়া বিজেপি। তৃণমূলের দুর্নীতিগ্রস্থ প্রধানদের টার্গেট করেই এগোচ্ছে বিজেপি। দুর্নীতিই হবে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ভোট-ইস্যু। তাহলেই দ্বিতীয় শক্তি থেকে প্রথম শক্তি হিসেবে উঠে আসার পথ প্রশস্ত হবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।












Click it and Unblock the Notifications