২০২১-এর লক্ষে প্রস্তুতি শুরু বিজেপির! 'স্বাধীন' সংস্থার সার্ভেতে আসন সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর দাবি
২০২১-এর মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। কিন্তু তার প্রায় দেড় বছর আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি।
২০২১-এর মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। কিন্তু তার প্রায় দেড় বছর আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। ২৯৪ টি কেন্দ্রের কেন্দ্র পিছু চারজন করে উপযুক্ত প্রার্থী খোঁজার কাজ শুরু হয়ে গিয়েছে। এই দেড় বছর সময়ের মধ্যে তাঁদের উপযুক্ত করে তোলার চেষ্টা করা হবে।

নতুনদের বিজেপির উপযোগী করে তুলতে কাজ শুরু
উদ্দেশ্য হল নতুনদের বিজেপির মুখ হিসেবে গড়ে তোলা। উপযুক্ত প্রার্থীদের দলের সামনের সারিতে নিয়ে এসে আন্দোলনের মুখ হিসেবে গড়ে তুলতে চায় বিজেপি। এরপর নির্বাচনের সামনে গিয়ে বিজেপি তাঁদের কর্মদক্ষতা খতিয়ে দেখে, তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেবে।

কেউই উপযুক্ত না হলে অন্য পথ
কেন্দ্র পিছু চারজনকে বেছে নেওয়ার পরেও যদি কাউকেই উপযুক্ত হিসেবে গড়ে তোলা না যায়, তাহলে অন্য কাউকে সেখান থেকে প্রার্থী করা হবে। বিজেপির সংগঠনের দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা একথাই জানিয়েছেন।

'স্বাধীন' সংস্থার সার্ভে
বিজেপির তরফে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই তারা স্বাধীন সংস্থাকে দিয়ে ২৯৪ টি আসনে সার্ভে করিয়েছে। তাতে দাবি করা হচ্ছে, এই মুহুর্তে নির্বাচন হলে, রাজ্য থেকে বিজেপি ১৬৫ টি আসন পেতে পারে।

২০১৯-এর লোকসভা নির্বাচনের ভিত্তিতে বিধানসভায় ফল
২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্য থেকে ১৮ টি আসনে জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে এই ফলের নিরিখে বিধানসভা ভিত্তিক ফলের হিসেব করলে দেখা যাচ্ছে বিজেপি রাজ্যে ১২১ টি আসনে এগিয়ে রয়েছে।

দ্রুতগতিতে বিজেপির উত্থান
রাজ্যে ৩৪ বছরের বাম শাসনে রাজ্যে কার্যত কোনও শক্তিই ছিল না বিজেপির। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। সেই বছর কোনও আসন না পেলেও ৪ শতাংশ ভোট পেয়েছিল তারা। এরপর ২০১৪-র লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্য থেকে ২ টি আসন দখল করে এবং তাদের ভোটের শতাংশ পৌঁছে যায় ১৭তে। যদিও ২০১৬-র বিধানসভা নির্বাচনে রাজ্যে ফের ভোটের হার কমে যায় বিজেপির। ১০ শতাংশে নেমে যায় প্রাপ্ত ভোটের হার। আৎ ২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্য থেকে উল্লেখযোগ্য সাফল্য পায় বিজেপি। ১৮ টি আসনের সঙ্গে তাদের ভোটের হার পৌঁছে যায় তৃণমূলের প্রায় কাছে।












Click it and Unblock the Notifications