মিশন ২০১৯-এর লক্ষ্যে কোন ইস্যুতে চ্যালেঞ্জ মমতাকে! প্রচারে ঝড় তুলতে তৈরি বিজেপি
এগিয়ে আসছে লোকসভা। প্রচারে ঝড় তুলতে পারছে কই বিজেপি! তাই আর বসে না থেকে ঝাঁপিয়ে পড়তে চাইছে গেরুয়া শিবির। বাংলা থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়তে কী হবে ইস্যু, তা নিয়েই বৈঠকে বসছে বিজেপির রাজ্য কমিটি।
এগিয়ে আসছে লোকসভা। প্রচারে ঝড় তুলতে পারছে কই বিজেপি! তাই আর বসে না থেকে ঝাঁপিয়ে পড়তে চাইছে গেরুয়া শিবির। বাংলা থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়তে কী হবে ইস্যু, তা নিয়েই বৈঠকে বসছে বিজেপির রাজ্য কমিটি। শুক্রবার থেকে শুরু হচ্ছে দুদিনের বৈঠক। সেই বৈঠকেই স্থির হবে- কোন ইস্যুতে মানুষের মনে দাগ কাটতে পারে বিজেপি!

ক'দিন আগে দলের অন্দরেই প্রশ্ন উঠেছিল, লোকসভা নির্বাচনের আগে কেন আন্দোলনে নেই বিজেপি। দলের রাজ্য পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় উষ্মা প্রকাশ করেছিলেন রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে। তারপর সংঘের তরফেও শীর্ষ বৈঠকে বঙ্গ বিজেপিকে পরামর্শ দেওয়া হয়েছিল আন্দোলনের ইস্যু বাছাই করতে। সেইমতো লোকসভা নির্বাচনের আগে আন্দোলনের বিষয়বস্তু খাঁড়া করতে রাজ্য কমিটি বৈঠকে বসছে বিজেপির।
এই দুদিনের বৈঠকের প্রথম দিনে রাজ্যস্তরের নেতারা বৈঠক করবেন বাংলার সমস্ত সাংগঠনিক জেলা সভাপতি, পর্যবেক্ষক ও শাখা সংগঠনের নেতৃত্বে সঙ্গে। দ্বিতীয় দিনে রাজ্য কমিটির নেতারা আলোচনার মাধ্যমে স্থির করবেন, কোন জেলায় কোন ইস্যুকে খাঁড়া করা যায়। সার্বিকভাবে দুটি ইস্যু থাকছেই বিজেপির হাতে। এক, রাজ্যের আইনশৃঙ্খলা। দুই, অনুপ্রবেশ ইস্যু। পুজোর আগেই তা নিয়ে রাজ্যে মহামিছিলের আয়োজন করতে চাইছে বিজেপি। রাজ্য থেকে জেলাস্তর-ব্লকস্তরেও ঝড় তোলার লক্ষ্যে দিলীপ ঘোষ অ্যান্ড ব্রিগেড।
তারপর পুজোর পর থেকে শুরু হবে রথযাত্রার আয়োজন। তা নিয়েই দলের জেলা সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতিদের নির্দেশ দেওয়া জরুরি। সংগঠনের পর্যালোচনা করার জন্য যেমন এই বৈঠক, তেমনই আসন্ন লোকসভার রণনীতি নিরূপণ করাও জরুরি।
এদিকে তৃণমূলের মতুয়া ভোট-ব্যাংকে থাবা বসাতে নয়া কৌশল নিল বিজেপি। বুধবার প্রায় তিন শতাধিক মতুয়া বিজেপির রাজ্য অফিসে এসেছিলেন। তাঁরা বিজেপির শ্রমিক সংগঠনে যোগ দিয়েছেন বলে দাবি গেরুয়া নেতৃত্বের। মতুয়াদের দাবি মতো দেশের বিভিন্ন ধর্মস্থানে যাওয়ার জন্য ট্রেন ভ্রমণের ব্যবস্থা করে দিতে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লেখা হয়। রাজনৈতিক মহল মনে করছে, এভাবেই তৃণমূলের মতুয়া ভোট-ব্যাংকে থাবা বসাতে চাইছে বিজেপি।












Click it and Unblock the Notifications