কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুতে সিবিআই চেয়ে কলকাতা হাইকোর্টে বিজেপি
কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু মামলায় আদালতের দ্বারস্থ বিজেপি। মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু পুলিশের গুলিতে হয়েছে এই অভিযোগ জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি যুব মোর্চার সভাপতি। আজ শুক্রবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় বিজেপি নেতার তরফে। শুধু তাই নয়, এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের দাবি জানানো হয়। শুধু তাই নয়, জনস্বার্থ মামলা দায়ের করার আবেদনও জানানো হয়।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই বিষয়ে মামলা করারও অনুমতি দিয়েছে।
আজ শুক্রবারই এই সংক্রান্ত মামলা দায়ের হতে পারে। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে এই সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

কালিয়াগঞ্জের ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এক মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গত কয়েকদিন ধরেই উত্তেজনা এলাকাতে। এর মধ্যেই এক যুবককে গুলি করে খুনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মৃত ওই যুবকের নাম মৃত্যুঞ্জয় বর্মন বলে জানা গিয়েছে। ওই যুবককে বিজেপি কর্মী বলে ইতিমধ্যে দাবি করা হয়েছে। আর এই ঘটনায় ইতিমধ্যে পথে নেমেছে বিজেপি। শুধু তাই নয়, একের পর এক খুনের ঘটনায় উত্তরবঙ্গ জুড়ে ১২ ঘন্টার বনধ পালন করছে বিজেপি। আর এর মধ্যেই বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি।
বলে রাখা প্রয়োজন, পঞ্চায়েত সদস্য বিষ্ণু মণ্ডলের বাড়িতে তাঁকে গ্রেফতার করতে যায়। সেসময় বাধা দিয়েছিলেন মৃত্যুঞ্জয় মণ্ডল। তাতে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। আর তাতেই মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয় বলে দাবি পরিবারের। যদিও পুলিশের তরফে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে। যদিও এই ঘটনার পর থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছে পরিবার। স্পষ্ট জানিয়ে দিয়েছে পুলিশের তরফে কোনও ভরসা নেই তাঁদের।

অন্যদিকে বৃহস্পতিবার রাতে গ্রামে নিয়ে আসা হয় মৃত্যুঞ্জয়ের দেহ। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় রাধিকাপুর সহ গোটা এলাকাতে। র্যাফ থেকে শুরু করে কমব্যাট ফোর্সও মোতায়েন ছিল। জানা গিয়েছে, দেহ পোড়ানো হয়নি। দেহ সমাধিস্থ করা হয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ যদি আদালত দেয় তাহলে যাতে ময়নাতদন্ত ফের করা যায় সেজন্যেই এহেন সিদ্ধান্ত এলাকার মানুষের। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও গোটা এলাকা থমথমে।












Click it and Unblock the Notifications