বিজেপির লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার, হিংসার আশঙ্কা মধ্য কলকাতায়
বিজেপি-র লালবাজার অভিযানকে ঘিরে আজ হিংসা ছড়াতে পারে মধ্য কলকাতায়। বিশেষ করে নবান্ন অভিযানে পুলিশের দমন-পীড়ন নীতি দেখে এই আশঙ্কা আরও বেড়ে গিয়েছে।
সিপিএমের পর বিজেপি। তাঁদের কর্মী-সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ সহ একাধিক দাবি-দাওয়াতে আজ পথে নামছে তারা। লালবাজার অভিযান নামে এই কর্মসূচিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে।
বিজেপি নেতৃত্বের দাবি, এদিন প্রায় ১ লক্ষ কর্মী-সমর্থকের- জমায়েত হবে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সরাসরি চ্যালেঞ্জ, পারলে নবান্ন অভিযানের মতো নৃশংসতা করে দেখাক পুলিশ। এদিন পুলিশ মোকাবিলার জন্য বিজেপি-র বিশেষ বাহিনী থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পুলিশ লাঠিচার্জ করেও মিছিল থামতে পারবে না।
এদিন লালাবাজার অভিযানে তিন দিক দিয়ে মিছিল করে লালবাজার ঘিরে ফেলতে চাইছে বিজেপি। পুলিশকে নাস্তানাবুদ করে দেওয়ার লক্ষ্যে বিজেপি নেতৃত্ব জানিয়ে দিয়েছে মিছিল আটকালেই রাস্তা অবরোধ করবেন তাঁরা। এমনকী দিল্লিতেও রাস্তা অবরোধ করা হবে বলে মমতার প্রশাসনকে চাপে রাখার চেষ্টা করছে বিজেপি।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, হাওড়া রেল স্টেশন এলাকা থেকে প্রথম মিছিলটি শুরু হবে। সেই মিছিলের নেতৃত্বে থাকবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এতে উপস্থিত থাকবেন লকেট চট্টোপাধ্যায় ও জয়প্রকাশ মজুমদার। দ্বিতীয় মিছিলটি শুরু হবে কলেজ স্ট্রিট থেকে। বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট ধরে মিছিলটি লালবাজার অভিমুখে যাবে। সেখানে নেতৃত্বে থাকবেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা রাজ্য বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
আর তৃতীয় মিছিলটি শিয়ালদহ থেকে শুরু হয়ে এসএন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা ওয়াই চ্যানেলে পৌঁছবে। তারপর বেন্টিঙ্ক স্ট্রিট ধরে যাবে লালবাজার অভিমুখে। এই মিছিলের নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। এখানেই উপস্থিত থাকবেন বিজেপি নেত্রী রূপা গঙ্গাপাধ্যায়ও।












Click it and Unblock the Notifications