তাঁর বিরুদ্ধে এফআইআর, ভোটের আগে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি প্রার্থী অভিজিৎ
এত দিন তিনি দিতেন ন্যায় বিচার। তিনি থাকতেন বিচারপতির আসনে। মামলাকারীরা এজলাসে মামলা নিয়ে আসতেন। বিচার প্রক্রিয়া চলত। দীর্ঘ সময় ধরে কলকাতা হাইকোর্টে এমনই ঘটনা দেখা গিয়েছে। এবার তিনি নিজে মামলাকারী। সাধারণ মানুষের মতো বিচারের আশায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়ে তিনি এখন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী। তবে এবার তিনি বিচারের আশায়। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন বিচারপতি। এবার নিজেই তিনি মামলাকারী।

ভোটের আগে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সেই এফআইআর খারিজ করার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলার জন্য তিনি কড়া নাড়েন আজ সোমবার। বিচারপতি মামলা করার অনুমতি দিয়েছেন। আগামী কাল সম্ভবত এই মামলার শুনানি।
কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কেন এফআইআর হয়েছিল? সম্প্রতি তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন। পথে চাকরি হারানো শিক্ষক - শিক্ষা কর্মীদের ধর্ণামঞ্চ ছিল। বিজেপির নেতা - কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের বচসা হয়। দুই পক্ষের মধ্যে জোর বিবাদ দেখতে পাওয়া গিয়েছিল।
এরপরেই জানা যায়, বিজেপি নেতা - কর্মীদের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও সেই অভিযোগে রয়েছে। ৩০৭ ধারায় অভিযোগ দায়ের হয়েছে বলে খবর। তবে এই অভিযোগ নিয়ে খুব একটা দুশ্চিন্তায় ছিলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যারা মিথ্যা অভিযোগ করছেন, তারা কতদিন অভিযোগ করে থাকতে পারেন? সে কথা বলেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী।












Click it and Unblock the Notifications