ব্যারাকপুরে অর্জুনের ঘরের লোক, যাদবপুরে প্রাক্তন সাংসদ! লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির সম্ভাব্য তালিকা
হুগলি ও শ্রীরামপুরে ঘরের লোক চাই বলে পোস্টার পড়েছিল। সেখানে বলা হয়েছিল বহিরাগত লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী নিসেবে চান না। পোস্টারে বলা হয়েছিল তৃণমূল নয়, তাঁরা বিজেপিরই কর্মী। সেই পরিস্থিতিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা বলে একটি তালিকা বিজেপি নেতাদের মোবাইলে মোবাইলে ঘুরছে। তবে এব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে তাঁরা কোনও মন্তব্য করতে চাননি। ফলে এই তালিকার সত্যতাও যাচাই করতে পারেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।
সূত্র মারফত যে তালিকা পাওয়া গিয়েছে, সেখানে বাঁকুড়ায় নাম রয়েছে লকেট চট্টোপাধ্যায়ের। এছাড়া মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ, বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার, বনগাঁ থেকে শান্তনু ঠাকুর, কোচবিহার থেকে নিশীথ প্রামাণিক, রানাঘাট থেকে জগন্নাথ সরকারের নাম। এর মধ্যে বাঁকুড়া থেকে লকেট চট্টোপাধ্যায় ছাড়া বাকিরা ২০১৯-এর লোকসভা নির্বাচনে নির্দিষ্ট কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। লকেট চট্টোপাধ্যায়ের হুগলি থেকে কোনও এক মহারাজকে দাঁড় করানো হতে পারে।

অন্যদিকে তালিকায় দেখা যাচ্ছে, উত্তর কলকাতা থেকে রয়েছে তিনজনের নাম। সেখানে শিশির বাজোরিয়া, প্রিয়ঙ্কা টিবরেওয়াল ও সজল ঘোষের নাম রয়েছে। যাদবপুর থেকে রূপা গাঙ্গুলি, দমদম থেকে শিলভদ্র দত্ত এবং সৌরভ শিকদারের নাম রয়েছে। সেখানে বলা হয়েছে, কৃষ্ণনগর থেকে এবার চমক থাকতে পারে। তমলুক থেকে দিব্যেন্দু অধিকারী এবং আসানসোল থেকে কৈশাল খের, জিতেন্দ্র তিওয়ারি ও অগ্নিমিত্রা পালের নাম রয়েছে। ব্যারাকপুর থেকে রয়েছে অর্জুন সিংয়ের ছেলের নাম।
দার্জিলিং থেকে প্রাক্তন এক আইপিএসের নামের কথা নাকি ভাবছে বিজেপি। রায়গঞ্জ থেকে দেবশ্রী চৌধুরীকে বদল করে নতুন মুখ আনা হতে পারে। ঘাটাল থেকে দাঁড় করানো হতে পারে হিরণ চট্টোপাধ্যায়কে। সেক্ষেত্রে এবার ঘাটালে টলিউডের দুই অভিনেতার লড়াই দেখা যেতে পারে।












Click it and Unblock the Notifications