মমতার আগেই মোদীর ব্রিগেড! মিশন ২০১৯-এ পরিকল্পনা-বদলের সম্ভাবনা বিজেপির
বিজেপি সিদ্ধান্ত নিয়েছিল ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে ব্রিগেডে নরেন্দ্র মোদীর সমাবেশ করবে। কিন্তু সেই পরিকল্পনায় পরিবর্তন এনে মোদীর ব্রিগেড সমাবেশ এগিয়ে আনার সম্ভাবনা ৯ জানুয়ারি।
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ব্রিগেড ঘোষণার অদ্যাবধি পরেই বিজেপির তরফে পাল্টা ব্রিগেডের ডাক দেওয়া হয়েছিল। বিজেপি সিদ্ধান্ত নিয়েছিল ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে ব্রিগেডে নরেন্দ্র মোদীর সমাবেশ করবে। কিন্তু সেই পরিকল্পনায় পরিবর্তন আনতে চলেছে বিজেপি। মোদীর ব্রিগেড সমাবেশ এগিয়ে আনার সম্ভাবনা ৯ জানুয়ারি।

অর্থাৎ মমতার ব্রিগেডের ১০ দিন আগেই মোদীর ব্রিগেড সমাবেশের সম্ভাবনা ক্রমেই প্রকট হচ্ছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, এই মর্মে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ নেতৃত্বকে বেশ কিছু নির্দেশ পাঠিয়েছে। সম্প্রতি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দিল্লিতে তলব করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানেই মোদীর ব্রিগেড সমাবেশের দিন পরিবর্তন থেকে শুরু করে রথযাত্রা-সহ অন্যান্য কর্মসূচি বদল করার পাশাপাশি বিশেষ নির্দেশ দেওয়া হয় বলে জানা গিয়েছে।
ব্রিগেড ময়দানে নরেন্দ্র মোদীর সভার আগে রাজ্যে রথ বের করা পরিকল্পনা নিয়েছে বিজেপি। বাংলায় রথযাত্রার সেই রূপরেখাও স্পষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যে। আসানসোলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দিলীপ ঘোষ সেই রূপরেখা অমিত শাহের কাছে তুলে ধরেন। এরপর রাজ্য বিজেপির সিদ্ধান্তেই সিলমোহর পড়ে।
স্থির হয়, ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার প্রাক্কালে মোট তিনটি রথ বের করা হবে। সারা রাজ্য পরিভ্রমণ করবে এই তিনটি রথ। ৩ ডিসেম্বর প্রথম রথটি বের হবে তারাপীঠ থেকে, ৫ ডিসেম্বর দ্বিতীয় রথটি বের হবে কোচবিহার থেকে। আর তৃতীয় রথটি বের হবে ৭ ডিসেম্বর গঙ্গাসাগর থেকে। তারপর নরেন্দ্র মোদীর সভায় এই তিন রথ মিলিত হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে সমাবেশের কথা ঘোষণা করার পরই বিজেপি কালবিলম্ব না করে মোদীর ব্রিগেডের কথা ঘোষণা করেছিল পাল্টা। সেই নিরিখে শুধু রথযাত্রাই নয়, প্রতি বিধানসভায় সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্র সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়ে জানিয়েছে, সব বিধানসভা কেন্দ্রে সভা করা হবে। এক মাস ধরে রাজ্য নেতৃত্বকে সেই সভা করতে হবে।
তবে নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিন পরিবর্তনের সম্ভাবনার কথা জানানো হয়। মোদীর ব্রিগেডে সমাবেশে ১৭ জন কেন্দ্রীয় নেতা-মন্ত্রী উপস্থিত থাকতে পারেন বলেও জানা গিয়েছে বিশেষ সূত্রে।












Click it and Unblock the Notifications