‘আপনারা বলুন, আমি শুনি’! পঞ্চায়েত ভোটের সুরক্ষা-বৈঠকে ‘এক বুলি’ কমিশনের
ফের বাহিনী বিতর্কে প্রশ্নের মুখে পড়ল নির্বাচন কমিশন। এদিন ১০ দল দফায় দফায় বৈঠক করলেও কেউই কমিশনের সঙ্গে আলোচনায় আশ্বস্ত নয়।
দীর্ঘ বিতর্কের পর নয়া নির্ঘণ্ট প্রকাশ হলেও ঝঞ্ঝাট-মুক্ত নয় পঞ্চায়েত নির্বাচন। ফের বাহিনী বিতর্কে প্রশ্নের মুখে পড়ল নির্বাচন কমিশন। এদিন ১০ দল দফায় দফায় বৈঠক করলেও কেউই কমিশনের সঙ্গে আলোচনায় আশ্বস্ত নয়। সবারই অভিযোগ কমিশনের বিরুদ্ধে। কমিশনারকে কাঠের পুতুল বলতেও তাই দ্বিধা করছেন না বিরোধীরা।

শনিবার নির্বাচন কমিশনে বৈঠকের পর বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'নির্বাচন কমিশনের কোনও প্ল্যানিংই নেই নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ব্যাপারে। নির্বাচন কমিশনার বৈঠক ডেকে শুধু সবার কথা শুনছেন, বলছেন না কিছুই। নির্বাচন কমিশনার বলছেন, আপনারা বলুন, আমি শুনি। কিন্তু শুনে তিনি কী ব্যবস্থা নেবেন, কী উপায় করবেন কিছুই বলছেন না।'
বিজেপি নেতার অভিযোগ, 'এই বৈঠকের ফল কী, নির্বাচন কমিশনার এই বৈঠকের পর কী করবেন, তা কেউই জানেন না। শুধু ভগবানই জানেন নির্বাচন কমিশনার কী করতে চাইছেন।' সেই কারণেই ফের হাইকোর্টে যেতে চাইছে বিজেপি। বিজেপি একপ্রকার সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, এক দফায় ভোট ঘোষণার বিরুদ্ধে হাইকোর্টে যাবেন। ইতিমধ্যেই সিপিএম ও পিডিএস হাইকোর্টে মামলা করেছে। এবার বিজেপিও সেই মামলায় পার্টি হতে চাইছে।
এর ফলে পঞ্চায়েত ভোটের-ভবিষ্যৎ ক্রমশ অন্ধকার হয়ে উঠছে ফের। সোমবার রাজ্য সরকার বাহিনী সংক্রান্ত রিপোর্ট পেশ করার পরই আদালত সিদ্ধান্ত নেবে পঞ্চায়েত ভোটের ভবিষ্যতের ব্যাপারে। রাজ্য যদি পর্যাপ্ত বাহিনীর চিত্র না দেখাতে পারে হাইকোর্টে, তাহলে পঞ্চায়েত নির্বাচনে আবারও প্রশ্নচিহ্ন পড়তে পারে।












Click it and Unblock the Notifications