ঘরছাড়াদের দুর্দশার কথা শোনাতে ডিজির সঙ্গে সাক্ষাতে ভবানী ভবনে হাজির বিজেপি, বসলেন অবস্থানে

পয়লা বৈশাখের পর থেকে মুর্শিদাবাদের অশান্ত পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এখনও ঘরে ফিরতে পারেননি বহু মানুষ। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই গৃহহীনদের পুনর্বাসনের আশ্বাস এবং মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। তবে এই প্রেক্ষাপটে মঙ্গলবার এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী রইল ভবানী ভবন।

রাজ্যের বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘরছাড়া কিছু মানুষকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন কলকাতার ভবানী ভবনের সামনে, যেখানে রাজ্য পুলিশের সদর দফতর অবস্থিত। উদ্দেশ্য - ডিজি রাজীব কুমারের সঙ্গে গৃহহীনদের সরাসরি কথা বলানো।

sukanta majumdar

তবে ভবানী ভবনে প্রবেশের আগেই বিজেপির প্রতিনিধি দলকে পুলিশ আটকে দেয়। পুলিশের তরফে জানানো হয়, আগাম অনুমতি ছাড়া রাজ্য পুলিশের ডিজির সঙ্গে এইভাবে দেখা করা সম্ভব নয়। এরপর বিজেপি নেতা ও পুলিশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়।

বিজেপির দাবি, তারা কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, মানবিক কারণে ঘরছাড়া মানুষদের নিয়ে এসেছেন ডিজির সঙ্গে দেখা করাতে। সুকান্ত বলেন, "এই মানুষগুলো ঘর হারিয়েছে, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তারা মুখোমুখি হতে চায় পুলিশের সর্বোচ্চ আধিকারিকের সঙ্গে, তারই বন্দোবস্ত করতে এসেছি"।

সূত্র মারফত জানা যাচ্ছে, ডিজি রাজীব কুমার সেই মুহূর্তে ভবানী ভবনে ছিলেন না। কিন্তু বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ডিজির সঙ্গে সাক্ষাৎ না করে তারা ফিরে যাবেন না। ভবানী ভবনের সামনেই বসে পড়েন সুকান্ত মজুমদার, তাপস রায় ও জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ দলের অন্য নেতারা ও গৃহহীনরা।

এই খবর সম্প্রচারের আগে পর্যন্ত তারা ভবানী ভবনের মূল গেটের সামনেই বসে রয়েছেন। ডিসি সাউথ বার দুই চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। সুকান্ত মজুমদার পরিষ্কার জানিয়ে দিয়েছেন ডিজির দেখা না পাওয়া পর্যন্ত তারা এখান থেকে উঠছেন না। ইতিমধ্যেই অবস্থানের ২ ঘণ্টা পেরিয়ে গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। একদিকে রাজ্য সরকারের পুনর্বাসনের ঘোষণা, অন্যদিকে বিজেপির সরাসরি পুলিশ প্রশাসনের কাছে ঘরছাড়াদের ন্যায়বিচারের দাবি - দুই পক্ষের টানাপোড়েনে আবারও মুর্শিদাবাদ প্রসঙ্গ উঠে এল রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+