ভবানীপুর দুর্গোৎসব সমিতির থিম এবার 'কিশোর কুমার'
কিশোর কুমারের জীবনের খুঁটিনাটি বিষয় নিয়ে অভিনব থিম উপহার দিতে চলছে ভবানীপুর দুর্গোৎসব সমিতি।
কিশোর কুমারের জীবনের খুঁটিনাটি বিষয় নিয়ে অভিনব থিম উপহার দিতে চলছে ভবানীপুর দুর্গোৎসব সমিতি। গায়ক, নায়ক, গীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক আভাস কুমার গাঙ্গুলি থেকে কিশোর কুমার হয়ে ওঠার জীবনের নানা কাহিনি। এবং তাঁর জন্ম থেকে শেষ অবধি নানান সৃষ্টি।

শিল্পী বিপ্লব রক্ষিত তার ভাবনার কথা বলতে গিয়ে জানান, 'মৃত্যুর ৩১ বছর পরও যেকোনও অনুষ্ঠানে আজও সমান প্রাসঙ্গিক কিশোর কুমার। তিনি যে অবিস্মরণীয় প্রতিভার অধিকারী ছিলেন আজও তাঁকে সমানে সমানে পাল্লা দেওয়ার কথা ভাবতে পারেন না বলিউড-টলিউডের অনেক তারকাই।
কিশোরের জীবনের নানা অজানা ইতিহাসই তুলে ধরতে চাইছে ভবানীপুর দুর্গোৎসব সমিতি। থাকবে তার আভাস কুমার থেকে কিশোর কুমার হয়ে ওঠার ইতিহাস। যা অনেকেরই অজানা।
মণ্ডপ পরিকল্পনার বিষয়ে শিল্পী বলেন, দর্শনার্থী প্রবেশের সময় থেকেই দেখতে পাবেন পুরনো দিনের 'শারদ অর্ঘ্যের প্রচ্ছদ'। সামনে থাকবে বিশাল আকৃতির গ্রামোফোন। থাকবে ১৮ ফুটের কিশোর কুমারের কাট আউট। মণ্ডপে প্রবেশের পর এই দর্শনার্থীরা পৌঁছে যাবেন এক অন্য জগতে।

পেইন্টিং এবং জীবনের শুরু থেকে বহু ছবি দিয়ে কিশোরকুমারের নানা সৃষ্টি ফুটিয়ে তোলা হবে। মণ্ডপের অভ্যন্তরেই থাকবে কিশোর কুমারের জীবনে নানা সময়ে পাওয়া নানা পুরস্কারের কিছু সংগ্রহ। থাকবে তারই গানের সমৃদ্ধ ক্যাসেট। ছবি ও মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হচ্ছে ভবানীপুর সমিতির মাতৃ প্রতিমা প্রতিমা। তৈরিতে বাঁধা ধরা রীতি ভাঙা না হলেও এবারে দেবী দুর্গার মূর্তি হবে একেবারে অন্যরকম চালচিত্রে।'
এখানেই শেষ নয়, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিশোর কুমারের ফ্যান ক্লাবের সদস্যরা নানা স্বাদের অনুষ্ঠান পরিবেশন করবেন মণ্ডপের বাইরে। আর সেটা একেবারে সরাসরি সম্প্রচার হবে। এই পুজোর সঙ্গে শিল্পী গৌতম ঘোষ একেবারে ওতপ্রোতভাবে জড়িত।

তাই থিম সঙ থেকে আবহ গোটা বিষয়টি তিনি পরিচালনা করবেন। কিশোরকুমারের একাধিক গানের কোলাজ করে তৈরি হচ্ছে থিম মিউজিক। ১০ মিনিটে মন্ডপ ভ্রমণে কানে ভাসবে শুধুই কিশোরের গান।
ভবানীপুরের পূজা উদ্যোক্তারা জানান, প্রতি বছরই তাঁরা দর্শকের সামনে কিছু অভিনব বিষয় তুলে ধরার চেষ্টা করছেন। আশা করি তাঁদের এবারের প্রয়াস দর্শকদের ভালো লাগবে।












Click it and Unblock the Notifications