ভাইফোঁটার বাজারদর, কতটা ছ্যাঁকা দিচ্ছে ইলিশ থেকে কাতলার দাম?
রবিবার ভাইফোঁটা। মধ্যে মাত্র একটা দিনই সময়। ভাইফোঁটা মানেই খাওয়াদাওয়া। দুপুরে আর রাতের পাতে কাতলা, চিংড়ি থেকে মুরগি, মটন। সঙ্গে মিষ্টান্ন তো আছেই। কিন্তু কতটা টেনে নেওয়া যাবে এবার? পকেট কতটা সামাল দিতে পারবে? সেই প্রশ্ন উঠছে৷
বাজারদর কেমন থাকছে এবার? শুক্রবার থেকেই ভাইফোঁটার বাজারহাট করার ব্যস্ততা থাকবে। সেখানে কতটা দাম হাঁকছে বাজার? এমনিতেই সবজির বাজারে আগুনদাম। সেখানে পছন্দের মাছ - মাংসের দাম এই দু'দিন কেমন থাকবে? সেই প্রশ্ন রয়েছেই। কলকাতা ও আশপাশের বাজারে কেমন যাচ্ছে দর?

কাতলা মাছের দর যাচ্ছে ৩০০ থেকে সাড়ে তিনশো টাকা। রুই মাছ আড়াইশো থেকে ২৭০ টাকা কেজি। ইলিশ মাছ ছোট হলে তার দাম হতে পারে ৮০০ থেকে ৯০০ টাকা। আর এক কেজির উপর ইলিশ হলে দাম উঠছে প্রায় ১৩০০ থেকে ১৫০০ টাকা। এছাড়াও চিংড়ি মাছও দাম হাঁকাতে শুরু করেছে। চিংড়ি মাছের দামও সাতশো টাকা কেজির ঘরে।
এছাড়াও পারশে, পমফ্রেট, তোপসে, ভেটকি, ট্যাংরা মাছের দামও বেশ অনেকটাই।
মাংসের দাম সেই আন্দাজে না বাড়লেও নেহাত কমও নয়। মুরগির মাংসের কেজি ২৫০ টাকা। কোথাও আবার সেই অঙ্ক ১০ টাকা এদিক - ওদিকও হতে পারে। পাঁঠার মাংসের দাম ৮০০ টাকা কেজিই চলছে। সেই দামের খুব একটা হেরফের থাকছে না বলেই খবর।
সবজির দাম তো এখন কমার তেমন লক্ষণ নেই৷ ভাইফোঁটা মানেই রান্নায় ফুলকপির পদ। ঘন ডালের মধ্যেও ফুলকপি। ভালো, বড় আকারের একটা ফুলকপির দাম ৭০ থেকে ৮০ টাকা কেজি। বাঁধাকপির দাম ৫০ টাকা। টমাটো, বেগুন ১০০ টাকার ঘরেই থাকছে৷ এদিকে লঙ্কা এখনও ২০০ টাকা কেজিই।
বাজারদর শনিবার আরও একটু বাড়তে পারে ভাইফোঁটার আগের দিন। তেমনই মনে করা হচ্ছে। তার মধ্যেই জিনিসপত্র কিনতে হবে৷ সেই কথাই জানাচ্ছেন ক্রেতারা।












Click it and Unblock the Notifications