শুরু হয়েই বাতিল পরীক্ষা! কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সে প্রশ্ন-বিভ্রাট
বিতর্ক পিছু ছাড়ছে না রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের প্রশ্নপত্র হাতে নিয়েই বিস্মিত পরীক্ষার্থীরা।
প্রশ্নপত্র বিভ্রাটের জেরে স্থগিত হয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের পরীক্ষা। ভুল প্রশ্নপত্র চলে আসায় এই বিভ্রাট তৈরি হয়। ফলে প্রশ্ন বিতরণের পরই কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয় আপাতত স্থগিত রাখা হচ্ছে বাংলা অনার্সের পরীক্ষা। পরবর্তী পরীক্ষার দিন দ্রুত ঘোষণা করা হবে।
সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের চতুর্থপত্রের পরীক্ষা ছিল। সেইমতো নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু হয়। কিন্তু শুরুতেই বিপত্তি। প্রশ্নপত্র বিলি হওয়ার পরই জানা যায়, চতুর্থ পত্রের পরিবর্তে তৃতীয় পত্রের প্রশ্নপত্র বিলি করা হয়েছে। বিভিন্ন কলেজের পরীক্ষাকেন্দ্রে একই সমস্যা।

এর পরই পরীক্ষার্থীদের মধ্যে মুহূর্তে আশঙ্কা ছড়িয়ে পড়ে। তবে কি ভুল সিলেবাস পড়েছেন তাঁরা! কেউ কেউ বুঝতে পারেন, চতুর্থ পত্রের বদলে তৃতীয় পত্রের প্রশ্ন পত্র বিলি করা হয়েছে। এরপরই খবর পৌঁছে যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ামকের কাছে। প্রশ্ন বিভ্রাটের জেরে পরীক্ষা বাতিল করে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
এর পাশাপাশি তিনি তদন্তের নির্দেশ দেন কী করে এই ঘটনা ঘটল! কেন চতুর্থ পত্রের পরিবর্তে সেন্টারে সেন্টারে পৌঁছল তৃতীয় পত্রের প্রশ্ন! তিনি এদিন ঘোষণা করেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই বাতিল পরীক্ষা কবে হবে তা খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications